শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন




৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি সরকারি দুই সংস্থা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ৫:১১ pm
Planning Ministry Jobs পরিকল্পনা মন্ত্রণালয় চাকরি
file pic

চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই-অক্টোবরে বিগত ছয় বছরের সবচেয়ে কম বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, গত জুলাই থেকে অক্টোবর চার মাসে এডিপি বরাদ্দ থেকে মোট খরচ হয়েছে ৩১ হাজার ৬৯২ কোটি টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৩২ হাজার ৩৫৮ কোটি টাকা। অর্থাৎ এবারের চার মাসে আগের বছরের একই সময়ের চেয়ে ৬৬৬ কোটি টাকা কম খরচ হয়েছে।

আইএমইডি জুলাই থেকে অক্টোবর চার মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেটি পর্যালোচনা করে দেখা গেছে, আগের অর্থবছরের তুলনায় টাকা কম খরচের ঘটনা এর আগে কোভিডের প্রথম বছরে ঘটেছিল। গত চার মাসই এমনটা ঘটেছে।

আইএমইডির তথ্য অনুযায়ী জুলাই থেকে অক্টোবর সময়ে সাতটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ৫ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। এর মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও সরকারি কর্ম কমিশন সচিবালয় চার মাসেও তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি। এবারের এডিপিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ৬টি প্রকল্পের অনুকূলে ৩১৭ কোটি টাকা বরাদ্দ রাখা আছে। আর সরকারি কর্ম কমিশনের একটি প্রকল্পে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৫ শতাংশের কম অর্থ খরচ করেছে এ রকম মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো নৌ পরিবহন, প্রতিরক্ষা, ভূমি, পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

ছয় বছরের মধ্যে এবারেই অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে কম এডিপির বাস্তবায়ন হয়েছে। এ সময় এডিপি বাস্তবায়নের হার হলো ১১ দশমিক ৫৪ শতাংশ। গতবার একই সময়ে এ হার ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ। প্রথম চার মাস বিবেচনায় ২০২১-২২ অর্থবছরে ১৩ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ১২ দশমিক ৭৯ শতাংশ ও ২০১৯-২০ অর্থবছরে ১৪ দশমিক ২৫ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে।

আইএমইডি সূত্রে জানা গেছে, গত চার মাসে এডিপি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎসের ১৮ হাজার ৮১৩ কোটি টাকা, বিদেশি ঋণের ১১ হাজার ৮৬৪ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১ হাজার ১৫ কোটি টাকা খরচ হয়েছে।

চলতি ২০২৩–২৪ অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। আর মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে ১ হাজার ৩৯২।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD