নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্য অনুসারে একাদশ জাতীয় সংসদে ৩০০ এমপির (সংসদ-সদস্য) মধ্যে ১৮২ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে যা ৬১ দশমিক ০৭ শতাংশ। আগামী সংসদেও এর ধারাবাহিকতা থাকছে। আসন্ন ১২তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। এতে ব্যবসায়ীদের সংখ্যায় তেমন কোনো পরিবর্তন আসেনি। দুই একজন বাদ পড়লেও নতুন করে আরও দুই-একজন ব্যবসায়ী যুক্ত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে ২৯৮জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ছোট-বড় মিলিয়ে ব্যবসায়ী সংখ্যা প্রায় ১৮০ জন। ব্যবসায়ীদের মধ্যে বর্তমান সংসদে রয়েছেন এবং আগামীতেও মনোনয়ন পেয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলেন-নারারণগঞ্জ-১ আসনে গোলাম দস্তগীর গাজী। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন। কুমিল্লা ১০ আসনে বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। লক্ষ্মীপুর-২ আসনে আনোয়ার হোসেন খান।
এফবিসিসিআইর সাবেক সভাপতি মাতলুব আহমাদের স্ত্রী সেলিমা আহমাদ এবারও মনোনয়ন পেয়েছেন। নোয়াখালী-২ আসনে বেঙ্গল গ্রুপের মালিক মোরশেদ আলম। খুলনা-২ আসনের বর্তমান এমপি গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী। একই আসনে এবারেও মনোনয়ন পেয়েছেন তিনি। সিরাজগঞ্জ-৫ এবারও মনোনয়ন পেয়েছেন আবদুল মমিন মন্ডল। খুলনা-২ আসনে শেখ সালাহউদ্দিন জুয়েল। মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এ ছাড়াও যেসব ব্যবসায়ী মনোনয়ন পেয়েছেন এরা হলেন-রংপুর-১ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, যশোর-১ আসনে শেখ আফিল উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ঝালকাঠি আসনে বজলুল হক হারুন, টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু, ঢাকা-৭ আসনে হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১১ আসনে মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, নারায়ণগঞ্জ আসনে নজরুল ইসলাম বাবু এবং ব্যাপক পরিচিত ব্যবসায়ী গ্রুপ সামিট পরিবারের সদস্য গোপালগঞ্জ-১ আসনে কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। নতুন যোগ হয়েছেন আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যাংক শেয়ারবাজারসহ পাঁচটি সেক্টরে ব্যবসা রয়েছে তার। এছাড়া আরও কয়েকজন যোগ হয়েছেন নতুন তালিকায়।
যেসব ব্যবসায়ী বাদ পড়লেন
ব্যবসায়ীদের মধ্যে যারা বাদ পড়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলেন-এফবিসিসিআই সভাপতি এবং ঢাকা-১০ আসনে সফিউল ইসলাম মহিউদ্দিন। এই আসনে মনোনয়ন পেয়েছে চিত্রনায়ন ফেরদৌস। ব্রাক্ষণবাড়িয়া-৫ আসনে বাদ পড়েছেন বিকন গ্রুপের কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম। এখানে মনোনয়ন পেয়েছেন ফয়জুর রহমান।
গত নির্বাচনের সময় দাখিলকৃত হলফনামার তথ্য অনুসারে বর্তমান সংসদে ৩০০ জন এমপির মধ্যে ১৮২ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে যা ৬১ দশমিক ০৭ শতাংশ। কৃষিকে পেশা হিসাবে দেখিয়েছেন ১৩ জন। এ ছাড়াও আইনজীবী ৩৮ এবং চাকরিজীবী রয়েছের ১৪ জন। তবে এবারেও তাতে খুব বেশি পরিবর্তন হয়নি। এছাড়াও বর্তমান সংসদে ১০০ কোটি টাকার উপরে সম্পদ রয়েছে, এমন এমপির সংখ্যা ১৪ জন। পাঁচ কোটি টাকার উপরে সম্পদ রয়েছে এদের সংখ্যা ৯৪ জন। আর এক থেকে পাঁচ কোটি টাকা সম্পদ রয়েছে এদের সংখ্যা ১৫০। অর্থাৎ ৩০০ জন এমপির মধ্যে ২৪৪ জনেরই কোটি টাকার সম্পদ রয়েছে। শতকরা হিসাবে যা ৮১ দশমিক ৮৭ শতাংশ।