এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বান্দরবান পার্বত্য জেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত ১৪ জুলাই ২০২৩ মূলে জারীকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বান্দরবান সেনা রিজিয়নের ১৭ জানুয়ারি ২০২৪ তারিখের ১৪০/৫৯/জিএস পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা ২২ জানুয়ারি থেকে প্রত্যাহার করা হল।”
তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসন থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করে সতর্কতা অবলম্বন করতে হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তার আগে রুমা, থানচি ও আলীকদম উপজেলায় গণবিজ্ঞপ্তি দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল জেলা প্রশাসন ।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ও রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ফলে গত বছর ১৭ অক্টোবর থেকে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।
এরপর দফায় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে থানচি ও আলীকদম উপজেলাকেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হয়। পর্যায়ক্রমে রুমা, থানচি ও আলীকদম ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবার রোয়াংছড়ি উপজেলা থেকেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।