আজ রাতে টেক্সাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। তবে নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য মূলত বিশ্বকাপ, যা শুরু হবে ১ জুন। বিশ্বকাপ সামনে রেখে বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে লিটন কুমার দাস বলেছেন, ‘বিশ্বকাপে একটা আলাদা চাপ থাকবে। সব দলেরই থাকে। আমার মনে হয়, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং শান্ত ও স্থির থেকে যদি ভয়ডরহীন ক্রিকেট খেলা যায়, আমার মনে হয়, আমাদের খুব ভালো সুযোগ আছে।’
গত দুটি টি-টোয়েন্টি ভালো কাটেনি লিটনের। বর্তমান ফর্মও খারাপ যাচ্ছে। তিনি আগের চেয়ে উন্নতির তাগিদ অনুভব করছেন বলে জানালেন। ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার (পারফরম্যান্সের) কথা বললে, নট আপ টু দা মার্ক। আমি যে লেভেলের খেলোয়াড় বা যে পারফর্ম করা উচিত আমার, সেটা করতে পারিনি।’
নিজের ফর্মহীনতা নিয়ে অবশ্য খুব বেশি দুশ্চিন্তা করতেও রাজি নন তিনি। তার কথায়, ‘খারাপ সময়ে অতি বেশি চিন্তার কিছু থাকে না। কারণ, আপনি ব্যাডপ্যাচে যখন থাকেন, যত বেশি চিন্তা করবেন, যত কিছু নিয়ে ভাববেন, তত আপনার জন্য খারাপই হয়ে আসবে। আপনার কাছে একটা বিকল্পই থাকে, কতটুকু কঠোর পরিশ্রম করছেন অনুশীলনে, অনুশীলনকে কতটা গুরুত্ব দিয়ে নিচ্ছেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, খারাপ সময়ে যত শান্ত ও স্থির থাকা যায় তত ভালো। স্রেফ নিজের ক্রিকেটে মনোযোগ রাখা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই বাংলাদেশের সেঞ্চুরি মাত্র একটি। ২০১৬ সালের বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে যেটি করেছিলেন তামিম ইকবাল। লিটনের আশা, এবার তিনি কিংবা টপ অর্ডারের অন্য কেউ শতরানে সঙ্গী হবেন পূর্বসূরীর। তার কথায়, ‘শুধু আমি নই, আমার মনে হয় এখন বাংলাদেশের সব টপ অর্ডার ব্যাটসম্যানই চিন্তা করে যে (সেঞ্চুরি করবে)। এটা তো সহজ কাজ নয় যে, টি-টোয়েন্টিতে যাব এবং একশ করে ফেলব। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছে। আইপিএলের কথা বলব না, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পুরোপুরি ভিন্ন ধরনের। যদি আন্তর্জাতিক ক্রিকেট দেখেন, বিশ্বকাপে একশ হয়, তবে হাতেগোনা দু-একজন ব্যাটসম্যান করেন টি-টোয়েন্টিতে। আমাদেরও সেই সুযোগ আছে। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব ভালো। চেষ্টা সবার ভেতরই থাকবে।’
শান্তর নেতৃত্ব নিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো। গত কয়েকটা সিরিজে ও ক্যাপ্টেন্সি করতেছে, আমার খুব ভালো লাগছে। সে নিউকামার। তার কাঁধে তিন ফরম্যাটের দায়িত্ব। সবকিছু দেখে মনে হচ্ছে, সে উন্নতি করছে। এটা স্বাভাবিক, যেকোনো মানুষের উন্নতির শেষ নেই। সে খুব ভালো করছে।’