রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার চুক্তি করেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির কোম্পানি। চুক্তির মেয়াদ এক বছর এবং এই তেল মার্কিন ডলার বা ভারতীয় রুপিতে নয়, বরং রুশ মুদ্রা রুবলে কেনা হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি হয়েছে রাশিয়ার কোম্পানি রনসেফের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী রিলায়েন্স প্রতি মাসে ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনবে। সেই হিসাবে বছরে ৩ কোটি ৬০ লাখ ব্যারেল তেল রাশিয়া থেকে কিনবে আম্বানির কোম্পানি।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ পশ্চিমের দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার ধাক্কায় প্রাথমিকভাবে রাশিয়ার কিছুটা ক্ষতি হলেও পরবর্তীকালে তারা অনেকটা সামলে নেয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে পশ্চিমা আর্থিক ব্যবস্থার বিকল্প খোঁজার তাগিদ দিয়ে আসছেন মস্কোর ব্যবসায়িক অংশীদারদের। রাশিয়ান রুবলকে তিনি বাণিজ্যিক লেনদেনের বিকল্প মাধ্যম হিসাবে গড়ে তুলতে চাইছেন বলে মত পর্যবেক্ষকদের। সেই কারণেই রুবলে তেল কেনাবেচার এই চুক্তি হলো।
ভারতের রপ্তানি পণ্যের ভান্ডারে দ্বিতীয় স্থানে আছে পেট্রোলিয়ামজাত দ্রব্য। ভারতের বাজারে খনিজ তেল থেকে প্রস্তুত করা দ্রব্যের চাহিদা রয়েছে বিদেশে। আম্বানির সঙ্গে রাশিয়ার চুক্তিতে দেশের রপ্তানিশিল্প সমৃদ্ধ হতে পারে। ফলে এই চুক্তিতে আম্বানির দূরদর্শী মনোভাব খুঁজে পাচ্ছেন বিশ্লেষকেরা।