শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন




২০২৪ সালে ইরানে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫ ১১:০১ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

ইরানে ২০২৪ সালে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৯০১ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৩১ জন নারী রয়েছেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

মাদক সংক্রান্ত অপরাধের জন্য বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে ২০২২ সালে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের সঙ্গেও মৃত্যুদণ্ড কার্যকরের সংযোগ রয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক বলেছেন, ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা প্রতিবছর বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ইরানকে এ ক্রমবর্ধমান মৃত্যুদণ্ডের প্রবণতা বন্ধ করতে হবে।

২০২৪ সালে ইরানে অন্তত ৯০১ জনের ফাঁসি কার্যকর হয়েছে, যা ২০২৩ সালের ৮৫৩ থেকে বেড়েছে। এটি ২০১৫ সালের পর সর্বোচ্চ সংখ্যা। সেবছর ৯৭২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

২০২২ সালের ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল। কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত হয়। ইরানের বাধ্যতামূলক পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে আটকের পর পুলিশি হেফাজতে তিনি মারা যান।

বিদায়ী বছরে ৩১ জন নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যা কমপক্ষে গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা বলে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র লিজ থ্রোসেল জানিয়েছেন। তিনি বলেন, এসব ঘটনার বেশিরভাগই হত্যার অভিযোগের সঙ্গে জড়িত। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী পারিবারিক সহিংসতার শিকার, বাল্যবিবাহ বা জোরপূর্বক বিয়ের শিকার ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD