জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন আদালত। বৃহস্পতিবার সিয়াটলভিত্তিক ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন কাফেনর বলেন, ট্রাম্পের আদেশ ‘স্পষ্টতই অসাংবিধানিক’। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন ৪ রাজ্য- ওয়াশিংটন, আরিজোনা, ইলিনয় ও অরেগনের আবেদনের প্রেক্ষিতে কাফেনর ১৪ দিনের এই স্থগিতাদেশ দেন। আর এই স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়ানো হবে কিনা তা নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি শুনানি হবে।
এদিকে ইউএস ডিস্ট্রিক্ট আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে শপথগ্রহণের প্রথম দিন সোমবারই ট্রাম্প অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তার মধ্যে ১৯ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কারো বাবা-মা দুজনই অবৈধ অভিবাসী হলে, বা এদের একজনও বৈধ স্থায়ী বাসিন্দা না হলে ওই সন্তানের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার রহিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও ছিল।