শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন




আ’লীগের সবাই হালাল রুজিতে চলে: মতিয়া চৌধুরী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩ ৫:০২ pm
Matia Chowdhury Deputy Leader Parliament Awami League আওয়ামী লীগ সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী মতিয়া চৌধুরী
file pic

সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে এবং পার্টি করে। পার্টিকে দিন দিন এগিয়ে নিয়ে যায়।

বুধবার (১৮ জানুয়ারি) লালবাগ শহীদ নগর খেলার মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মো. জামিল হোসেনের ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, মা-বোনেরা যদি উৎসাহ না দেয়, বাড়িতে তারা সহযোগিতা না করে, আমার ভাইয়েরা-চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবেন? কাজেই মা-বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে সেটা না, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগণ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের মাঝে থাকে। শুধু রিলিফের সময় তা নয়, রোজা বলেন, ঈদ বলেন, সবসময় তারা তাদের জন্য ছোট হলেও উপহারের ব্যবস্থা করেন। আজ এই কম্বল জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার।

রসুল (সা.) দান-খয়রাত করতে উৎসাহিত করেছেন উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, একদিকে রসুলে পাকের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। লালবাগ আওয়ামী লীগ তার অনুসারী। আপনারা দোয়া করবেন, আরও যেন তৌফিক দেন বঙ্গবন্ধুকন্যাকে। আমরা সবাই মিলে দেশটাকে, একে-অপরকে সাহায্য করতে পারি। সহযোগিতা করতে পারি। হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন, লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD