বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন




বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনলো চীন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫১ pm
China চীন চীনা 中国 চুংকুও গণচীন
file pic

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার (১৪ সেপ্টেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক নোটিশে এসব নির্দেশনা জানানো হয়েছে।

নতুন প্রক্রিয়া অনুযায়ী, আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এজন্য চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

অনলাইনে আবেদন ও প্রাথমিক পর্যালোচনা
আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল ওয়েবসাইটেই পাওয়া যাবে। যদি ফলাফলে ‘সংশোধন’ বা ‘পরিপূরক নথি’ সরবরাহের কথা উল্লেখ থাকে, তবে তা দ্রুত সংশোধন বা জমা দিয়ে পুনরায় আবেদন করতে হবে। এছাড়া যদি ‘ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি’ আসে, তবে আবেদনকারীকে নির্ধারিত তারিখে দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে।

পাসপোর্ট জমা ও ফিঙ্গারপ্রিন্ট
যদি প্রাথমিক পর্যালোচনায় আবেদন অনুমোদিত হয়, তবে আবেদনকারী বা তাদের প্রতিনিধি পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র জমা দেবেন। এ সময় বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) ও ভিসা ফি জমা দিতে হবে। তবে ১৪ বছরের কম বয়সী, ৭০ বছরের বেশি বয়সী, গত পাঁচ বছরে আঙুলের ছাপ দেওয়া আবেদনকারী বা শারীরিক কারণে যারা আঙুলের ছাপ দিতে অক্ষম- তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।

ভিসা সংগ্রহ ও সময়সীমা
আবেদনকারীরা নির্ধারিত তারিখে ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত নিয়মিত প্রক্রিয়ায় চার কর্মদিবসে ভিসা দেওয়া হয়, জরুরি প্রক্রিয়ায় তিন কর্মদিবসে ভিসা সংগ্রহ করা যায়।

এজেন্সির ভূমিকা
দূতাবাস জানিয়েছে, যদি কোনো এজেন্সি ভিসা আবেদন করে এবং প্রাথমিক পর্যবেক্ষণে তা প্রত্যাখ্যাত হয়, তবে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বা সংশোধন জমা দিতে হবে। প্রাথমিক অনুমোদনের পর দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে। এরপর এক কর্মদিবসের মধ্যে ভিসা সরবরাহ করা হবে।

চীন দূতাবাস আবেদনকারীদের ভ্রমণ পরিকল্পনায় বিলম্ব এড়াতে নতুন নির্দেশনা ও সময়সীমা মেনে চলার আহ্বান জানিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD