গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার সকাল ৮টায় ট্রাক চাপায় একটি কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকে অগ্নিসংযোগ করে ও আশেপাশের অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে। ঘটনার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আজাদুল হক (৪০)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স নামের একটি পোষাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক ঐ এলাকায় সড়ক পারাপার রত নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরো তিন শ্রমিক।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ঘাতক ট্রাকটি আটক করে তাতে অগ্নিসংযোগ করে। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময়ে উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে। দেড়ঘণ্টার ওপর মহাসড়ক অবরোধ থাকায় উভয় দিকে প্রায় ৫-৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আশেপাশের লোকজন ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করে।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ওসি আতিকুল ইসলাম বলেন, ট্রাক চাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।