বাংলাদেশকে শিল্পোন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি রক্ষায় টেকসই, বিনিয়োগ-উপযোগী ও পূর্বপরিকল্পিত জ্বালানি কাঠামোর দিকে দ্রুত অগ্রসর হতে হবে—এমন মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও জ্বালানি বিশেষজ্ঞরা।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত “বাংলাদেশের প্রবৃদ্ধি ও সমৃদ্ধিকে ত্বরান্বিত করা: টেকসই বিদ্যুৎ খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ গঠন” শীর্ষক নীতি সংলাপে বক্তারা বলেন, নীতিগত অসঙ্গতি, বাড়তি উৎপাদন ব্যয় এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করছে। সময়মতো সংস্কার না হলে আগামী দশকে বাংলাদেশ বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে বলেও তারা সতর্ক করেন।
এমা পাওয়ার ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ঠাকুরগাঁও লিমিটেড ইপিভি-এর পরিচালক আবু চৌধুরী বলেন, “বাংলাদেশের প্রয়োজন শুধু অধিক মেগাওয়াট নয়—বরং টেকসই, বিনিয়োগযোগ্য এবং প্রতিযোগিতামূলক মূল্যের বিদ্যুৎ।”
তিনি গ্যাস প্রাপ্যতার হ্রাস, জ্বালানি উৎসের স্বল্প বৈচিত্র্য এবং প্রকল্প অনুমোদনে বিলম্বকে বড় ঝুঁকি হিসেবে তুলে ধরেন। তিনি দীর্ঘমেয়াদি চুক্তি পুনর্বিবেচনা, নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সংযুক্তি এবং বিনিয়োগকারীদের জন্য বিশ্বাসযোগ্য রিটার্ন নিশ্চিতের আহ্বান জানান।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জলাল আহমেদ বলেন, বাংলাদেশ এখনো ১৯৯৬ সালের পুরনো নীতি অনুসরণ করছে, যেখানে প্রতিবেশী দেশগুলো নবায়নযোগ্য খাতে দ্রুত আধুনিকায়ন করেছে।
তিনি উল্লেখ করেন, ট্রান্সমিশন ও বিতরণে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় উৎপাদনক্ষমতা থাকা সত্ত্বেও কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি রুফটপ সোলারের সম্ভাবনা উল্লেখ করে বলেন, ৪,০০০টিরও বেশি পোশাক কারখানা ৫–১০ মেগাওয়াট করে উৎপাদন করলে বাংলাদেশ ২০–৪০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ পেতে পারে।
বক্তারা বলেন, ভবিষ্যতের জ্বালানি নীতি হতে হবে বেসরকারি খাত-নেতৃত্বাধীন, বিনিয়োগবান্ধব ও রাজনীতিমুক্ত।
শিল্পখাতে উচ্চমূল্যের বিদ্যুৎ, দীর্ঘমেয়াদি নীতিগত অনিশ্চয়তা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং ট্রান্সমিশন ব্যবস্থার দুর্বলতাকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়।
এমসিসিআই সভাপতি কামরান টি রহমান নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ৪% উৎপাদন নিশ্চিত ও ভূমি-ব্যবহার নীতি সংশোধনের দাবি জানান।
এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টো বলেন, শক্তিশালী অর্থনীতি টেকসই রাজনীতির ভিত্তি; বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি জরুরি।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বিদ্যুৎ ট্যারিফ শিল্প প্রতিযোগিতা সক্ষমতার মূল নির্ধারক; কমপক্ষে পাঁচ বছরের স্থিতিশীল ট্যারিফ কাঠামো প্রয়োজন।
বিল্ড চেয়ারম্যান আবুল কাসেম খান জাইকার মহেশখালী “বিগ–বি” উদ্যোগকে শিল্প ও অর্থনীতির টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
আইইউবি-এর উপাচার্য এম তামীম বলেন, জ্বালানি খাতের সর্ববৃহৎ সংকট হলো সুস্পষ্ট ও সমন্বিত নীতির অভাব। জীবাশ্ম জ্বালানিনির্ভরতার কারণে সরবরাহ ঝুঁকি ও বাজারমূল্যের অস্থিরতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৯ সাল পর্যন্ত জ্বালানি ঘাটতির ঝুঁকি বজায় থাকবে।
বক্তারা সমন্বিত নীতি কাঠামো, নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণ, ট্রান্সমিশন ব্যবস্থার আধুনিকায়ন এবং বেসরকারি খাতে আস্থা পুনর্গঠনের মাধ্যমে জ্বালানি খাতকে টেকসই প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।