ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোকানে চাঁদাবাজি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন ডাকসু ও ছাত্রদল নেতারা।
শনিবার রাতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ফেইসবুক পোস্টে বাগছাস (বর্তমান জাতীয় ছাত্রশক্তি) মনোনীত কবি জসীমউদ্দিন হল সংসদদের ভিপি পদপ্রার্থী নুরুল গণি সগির ও মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল কাউসারসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন।
সর্বমিত্র চাকমার অভিযোগ, এই ব্যক্তিরা চাঁদার বিনিময়ে অন্যকে দোকান বসাতে দিয়েছেন, যার তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে। তবে সর্বমিত্র চাকমার এ অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নুরুল গণি সগির।
রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ সেটা যদি সর্বমিত্র চাকমা প্রমাণ দিতে পারে, তাহলে আমি স্বেচ্ছায় কান ধরে ক্যাম্পাস থেকে বের হয়ে যাব।
“আমি সর্বমিত্র চাকমাকে চ্যালেঞ্জ করছি, এ যেন আমার বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তুলেছে তার প্রমাণ দেয়। আর না দিলে আমি আইনগত ব্যবস্থা নেব।”
সর্বমিত্র চাকমার পোস্টের পর শনিবার রাতেই বিক্ষোভ দেখায় জাতীয় ছাত্রশক্তি।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুল্লাহ আল কাউসারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ছাত্রদলের দেওয়া এক আবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ‘বিতর্কিত’ ডাকসু নির্বাচনের পর থেকে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় গড়ে ওঠা ক্ষুদ্র ও ভাসমান দোকানকে কেন্দ্র করে কয়েকজন বিতর্কিত ডাকসু প্রতিনিধি- প্রশাসনের যোগসাজশে চাঁদাবাজির সিন্ডিকেট সৃষ্টি করেছে। এ ‘সিন্ডিকেটের’ বাইরের সব দোকান ভাংচুর ও উচ্ছেদের একাধিক অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে।
“যা সামনে আসলে তার বিপরীতে এসকল বিতর্কিত ডাকসু প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে জড়িয়ে চাঁদাবাজির ভুয়া অভিযোগ তুলে ক্যাম্পাসে সহিংস মব তৈরীর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পরিলক্ষিত হয়েছে।”
এসব অভিযোগ তুলে ছাত্রদল দুই দফা দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে, যার মধ্যে রয়েছে—
১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকানপাট পরিচালনার নিয়ম-নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
২. অভিযোগ অনুসারে ‘চাঁদাবাজি’ এবং দোকান ভাংচুর ও উচ্ছেদের সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জানতে চাইলে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগের বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা প্রতিবেদন দিলে আমরা ব্যবস্থা নেব।”