শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন




একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করছে: নাহিদ ইসলাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬ ৫:৫০ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করছে। জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যা করেছে। ১১ দলীয় জোট তা সহ্য করবে না। জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী প্রতীম দাশের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। ৫ আগস্টের আগে দেখেছেন কী পরিণতি হয়েছিল। আমরা চাই না আর এমন বাংলাদেশ। আইনের শাসন, ন্যায়বিচার নিশ্চিত হবে। যারা অন্যায় করেনি তাদের হয়রানি করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আপনার দেখেছেন একটি দল নির্বিচারে সারাদেশে মামলা দিয়েছে। মামলা বাণিজ্য করেছে। তারা স্পষ্ট প্রতারণা করছে। আপনারা শুনেছেন ৩১ দফার কথা। তারা ৩১ দফার সঙ্গেও প্রতারণা করছে। কেউ মিথ্যা প্রতিশ্রুতিতে প্রতারিত হবেন না।’

নির্বাচন কমিশন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নয়তো ১১ দলীয় নির্বাচনি জোট তা মেনে নেবে না।’

তিনি আরও বলেন, আমরা বলেছি ১১ দলীয় জোট নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও তরুণদের কর্মসংস্থানের জন্য কাজ করবে।

নাহিদ ইসলাম বলেন, ‘১১ দলীয় জোট ইনসাফভিত্তিক বাংলাদেশে গড়বে। সবাই একসঙ্গে কাজ করবে। আমরা চাই না চাঁদাবাজ, সন্ত্রাসের হাতে আবার ক্ষমতা যাক। নতুন কোনো স্বৈরাচারের হাতে যাক।’

নির্বাচনি পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচনি পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, মৌলভীবাজার-৪ আসেনে ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী প্রীতম দাশ প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD