বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন




১৩ ফেব্রুয়ারি থেকে দেশ পাল্টাবে, চাঁদাবাজমুক্ত হবে: জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬ ৯:২৭ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট নির্বাচনে জয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন শুরু হবে- প্রতিশ্রুতি দিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। চাঁদাবাজির কবল থেকে মুক্তির জন্য আমরা নির্দয় নিষ্ঠুর হব।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার এবং বনানীতে পৃথক পৃথক নির্বাচনী সভায় এসব কথা বলেন জামায়াত আমির। কারওয়ানবাজারের সমাবেশে ঢাকা-১২ আসনের প্রার্থীর পক্ষে প্রচার চালান। তিনি বলেন, যুবকদের জন্যই চাঁদাবাজমুক্ত ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। যুবকদের কারণেই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি।

যুব সমাজকে চাঁদাবাজ, দখলবাজ, অস্ত্রবাজ বানালে তা সহ্য করা হবে না- হুঁশিয়ার করে জামায়াত আমির বলেছেন, তরুণদের বেকার ভাতা নয়, সম্মানের কাজ দেওয়া হবে। কারিগরি শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।

চাঁদাবাজ রাজনীতিবিদদের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, রাজনীতিও করবেন! চাঁদাবাজিও করবেন! কিন্তু চাঁদাবাজ বলা যাবে না! এটা কোন ধরণের কথা? চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। চাঁদাবাজি বন্ধ করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী পাঠাবো না, আমরাও মাঠে নামবো।

ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্য নয়, ন্যায় বিচার কায়েম করতে হবে, সাম্য ফিরিয়ে আনতে হবে। ২৮ ডিসেম্বর চাঁদাবাজদের হাতেনাতে শিক্ষা দিয়েছিলেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। বাংলাদেশের জনগণকে এভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান করছি।

কাওরানবাজারে বিক্রি করা কৃষি পণ্যে কৃষক যেন ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, সিন্ডিকেট ও চাঁদার কারণে কৃষক, ভোক্তা ও ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত। পণ্য ঢাকায় আসতে আসতে দাম তিন চারগুন হয়ে যায়।

শফিকুর রহমান বলেন, ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন এই এলাকার অনেক সমস্যার কথা বলেছেন। ক্ষমতায় এলে অঙ্গীকার রাখব। আমাদের কাজের প্রমাণ অতীতেও দিয়েছি।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিএনপি সরকার দুর্নীতিবাজ হলে, তাদের (জামায়াত) মন্ত্রী পদত্যাগ করেননি কেনো?’ এর জবাবে শফিকুর রহমান বলেন, ‘অনন্ত তিনটি মন্ত্রণালয় দুর্নীতি থেকে বেঁচে যায়, সে জন্যই পদত্যাগ করেননি জামায়াতের নেতারা।’

শফিকুর রহমান বলেন, ‘৫ আগস্টের পর জামায়াত প্রতিশ্রুতি দিয়েছিল কারও ওপর প্রতিশোধ নেবে না, জুলুম করবে না। জামায়াত কথা রেখেছে, মিথ্যা মামলা দেয়নি। জামায়াত নেতাকর্মীদের আওয়ামী লীগ আমলে আর্থিকভাবে নিঃস্ব করে দেওয়া হয়েছিল। তবুও আমরা কারো সঙ্গে অন্যায় করিনি।’

ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে জামায়াত আমির নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, ‘আলামত ভালো নয়। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় হামলা হচ্ছে, বাঁধা দেওয়া হচ্ছে। আপনারা বলেছেন, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন। এখনও জনগণ আশ্বস্ত হয়নি। অন্যথায় ব্যর্থতায় দায় নিতে হবে।’

নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবেন জানিয়ে বিএনপির প্রতি ইঙ্গিত জামায়াত আমির বলেছেন, ‘গণগন্ত্রের পথে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি চালিয়ে যান, জনগণের ইচ্ছা হলে গ্রহণ করবে।’

এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধনে জামায়াত আমির বলেছেন, ‘গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেয়া হয়েছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ চাই। নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ চাই। মিরপুর ও কাফরুল এলাকা দীর্ঘদিন সন্ত্রাসে জর্জরিত ছিল। যাদের মাধ্যমে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, তাদের হাতে আল্লাহ যেন ক্ষমতা তুলে দেন দোয়া করি।

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের বাস উদ্বোধন করেন জামায়াত আমির। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে জনগণের শাসক না হয়ে, যেন সেবক হতে পারি। প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করব, তবুও জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে দেব না।

শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ার করে শফিকুর রহমান বলেছেন, গায়ের জোরে কিছুই করা যাবে না। সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।

কারওয়ান বাজারের সমাবেশে ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন। মিরপুরে ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ১১ দলের নেতারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD