বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন




নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৫ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান Jammat Amir amir
file pic

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের হক কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এই নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে। এটি আমাদের কাছে পরিষ্কার। শুক্রবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমাদের অনেক প্রার্থীকে ১০-১২ হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে হারানো হয়েছে, এটা ইচ্ছাকৃত। দু’এক জায়গায় ঘোষণা দিয়েও তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু ম্পর্শকাতর জায়গায় ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। আমরা যেখানেই যাচ্ছি লোকে আমাদের বলে- আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।’

জামায়াত ইসলামীর ইতিহাসে সংসদীয় রাজনীতিতে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াত ইসলামীর নেতৃত্বে একটা অর্থবহ ঐক্য হয়েছে। দুই. এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো- এবার আমরা ৬টা শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। আমি তাদের নাম বলছি না, আপনারা সকলেই তা জানেন। তাদের সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি।’

জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘তারা ছয় শক্তি নিয়ে আমাদের সাথে পারতো না, যদি অন্যকিছুর আশ্রয় না নিত। সম্মিলিত শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এখন থেকেই কৌশল নির্ধারণ করতে হবে।’

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমাজের সে সমস্ত জায়গাগুলো থেকে ভালো লোকদের বের করে তাদের হাতে ওই জায়গাগুলোকে (স্থানীয় সরকারের) তুলে দিতে চাই। আমাদের এই জায়গায় অনেক ত্যাগ স্বীকারের মনোভাব রাখতে হবে।

জামায়াত আমিরের আজ সিলেটে দলীয় ইফতার মাহফিলসহ পৃথক কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD