বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান সংস্কারের পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক হয়ে উঠেছে এবং তারা জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (২ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
আখতার হোসেন বলেন, বিএনপি শুরুতে সংস্কারের বিষয়ে কোনো আপত্তি না জানালেও বর্তমানে তারা অবস্থান পরিবর্তন করে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে। একইসঙ্গে সংবিধান সংস্কার প্রশ্নে সরকারের অনাগ্রহ এবং গণভোটের রায় বাস্তবায়নে উদাসীনতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়নে অনেক পিছিয়ে পড়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষেত্রে সরকারের মধ্যে এক ধরনের অনীহা কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
এনসিপি এই নেতার অভিযোগ, সরকারি দল কখনো এই সংস্কার পরিষদের ধারণাকে ‘অসাংবিধানিক’ আবার কখনো ‘বিভ্রান্তিকর’ হিসেবে উপস্থাপন করছে। অথচ সংবিধানের মৌলিক কাঠামোয় কোনো টেকসই পরিবর্তন আনতে হলে একটি উচ্চপর্যায়ের স্বাধীন সংস্থা গঠন করা অপরিহার্য বলে তিনি মনে করেন।
দেশের চলমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়েও সংবাদ সম্মেলনে কড়া সমালোচনা করা হয়। আখতার হোসেন সম্প্রতি তৈরি হওয়া জ্বালানি সংকট এবং দীর্ঘ লাইনের বিষয়টি ‘পরিকল্পিত’ হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া জনগণের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এছাড়া ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরির কঠোর সমালোচনা করে তিনি বলেন, সামান্য অর্থ ফেরত দেওয়ার বিনিময়ে ঋণখেলাপিদের পুনরায় ব্যাংকের মালিকানা ফিরে পাওয়ার সুযোগ করে দিলে ভবিষ্যতে দুর্নীতির মাত্রা আরও ভয়াবহ হবে।
বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান এনসিপি সদস্য সচিব। তিনি ঘোষণা করেন, সংগঠনের পক্ষ থেকে শীঘ্রই একটি জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে যেখানে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং সারোয়ার তুষার উপস্থিত ছিলেন। তারা দেশজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।