আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা এবং যানজটপ্রবণ এলাকায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদের সাত দিন আগে থেকে ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি। আজ সোমবার সচিবালয়ে ঈদযাত্রার প্রস্তুতি সংক্রান্ত এক সভায় মন্ত্রী এই কথা জানান।
এসময় সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেন, টার্মিনাল এলাকায় কাজ করবে বিশেষ টিম। এছাড়াও ঈদ উপলক্ষে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বিআরটিএ’র ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ও অতিরিক্ত ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ-পদায়নের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা ও রোভার স্কাউট সদস্যদেরও নিয়োজিত রাখা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হকসহ পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির নেতা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।