দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহের বিস্তার শুরু হয়েছে। রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে গতকাল বৃহস্পতিবার মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আগামী রোববার বা সোমবার তাপপ্রবাহের বিস্তৃতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনার কয়রায়, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, এ মৌসুমে তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা। আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
চকরিয়ায় হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া পৌরসভার আমান চর এলাকায় গতকাল রাস্তায় অজ্ঞাত একজন মাছ ব্যবসায়ী হিট স্ট্রোক করে মারা গেছেন। তিনি শুঁটকি মাছ রাস্তায় ফেরি করে বিক্রি করেন। দুপুরের আগে চকরিয়া পৌরসভার আমান এলাকায় হঠাৎ গরমে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাঁর মৃত্যু হয়।
তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল পাঁচজনের
নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুজন কৃষিশ্রমিক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬) নামে এক যুবক মারা গেছেন। গতকাল উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় এসব ঘটনা ঘটে। আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে। আর নয়ন তালুকদার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় গতকাল পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় অটোচালক ও ওই এলাকার নুরুজ্জামানের ছেলে।
নাটোরের লালপুরের সিরাজীপুরে গতকাল ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এস্কেন আলী ভোলা (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি বালিতিতা ইসলামপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)