রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন




আগামীতে জামায়াতে ইসলামীই ক্ষমতায় আসবে: ডা. তাহের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২৬ ৮:৪২ pm
Taher-আবদুল্লাহ-তাহের Syed Abdullah Muhammad Taher Jamaat-e-Islami সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর জামায়াত ইসলামী
file pic

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি আমাদের চেয়ে ১০ পার্সেন্ট ভোট বেশি পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধী দল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতে জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

রোববার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।
বিরোধীদলীয় উপনেতা বলেন, এখন আমার অফিসিয়াল স্ট্যাটাস হচ্ছে প্রতিমন্ত্রী। আজকে আমার গাড়িতে পতাকা আছে। পতাকা নিয়েই আমি ঢাকা থেকে এসেছি। আমার বাসা থেকে এ পর্যন্ত আমি পুলিশ প্রটোকলে এসেছি। তাহলে প্রটোকল কারা পায়? মন্ত্রীরাই পায়। এটা আমি গর্ব নিয়ে বলছি না। বিরোধী দলে থেকেও প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া গৌরবের বিষয় না? আমরা বাংলাদেশে এখন স্ট্রং ভূমিকায় আছি। বিরোধী দলে থেকেও আমার গাড়িতে পতাকা আছে।

তিনি বলেন, চৌদ্দগ্রামের বিএনপির কিছু নেতার চাইতে প্রধানমন্ত্রীর কাছে আমার গুরুত্ব অনেক বেশি। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের মূল্যায়ন করেন। আমার চৌদ্দগ্রামে একটু বেশি পরিমাণ বরাদ্দ দেওয়ার জন্য বলেছেন তিনি।

ডা. তাহের বলেন, অন্তর্বর্তী সরকারে থাকাকালীন এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছি। নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস। এরই মধ্যে এলাকার উন্নয়নের আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি। সবে সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এই বরাদ্দ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, এই চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ও মাদক ব্যবসা’ এই দুটির স্থান হবে না। তাদের ছয় মাস সময় দিলাম। অন্য কোনও ব্যবসা খোঁজেন। না হয়, ছয় মাসের পরেও যদি এই রাস্তায় থাকেন, তাহলে বুঝা গেল, আপনারা ইচ্ছে করেই এই রাস্তায় আছেন। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি না, ভালো মানুষের সংখ্যা বেশি? অবশ্যই ভালো মানুষের সংখ্যা বেশি। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ধরার জন্য আপনারা ঘর থেকে বের াহবেন কিনা? বের হলে, সমাজ থেকে অপরাধ কমে যাবে। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে। তাদের আর ছাড় নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক আমির আবদুস সাত্তার, কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা মেডিকেল সেন্টারের এমডি ডা. শফিকুর রহমান পাটোয়ারী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনসহ দলীয় নেতৃবৃন্দ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD