কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে ৩-২ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে গোল করে একাধিক নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি, তবে ছোট দল কেপ ভার্দে প্রায় অঘটন ঘটিয়েই ফেলেছিল।
ম্যাচের শুরুতেই গোলরক্ষক ভোজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এটি ছিল বিশ্বকাপ ক্যারিয়ারের আর্জেন্টাইন অধিনায়কের ২০তম গোল। ইতিহাসে এই সংখ্যায় পৌঁছানো একমাত্র ফুটবলার এখন তিনি। ৩৯ বছর বয়সী এই তারকার এটি ষষ্ঠ বিশ্বকাপ। মেসির এই গোলে ভেঙেছে একাধিক রেকর্ড।
বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করা প্রথম ফুটবলার এখন মেসি। বিশ্বকাপের প্রতিটি রাউন্ডে (গ্রুপ পর্ব থেকে নকআউট পর্যন্ত) গোল করা প্রথম খেলোয়াড় তিনি। নকআউট পর্বে সর্বোচ্চ গোল-অবদানের (১২টি) রেকর্ডও এখন মেসির দখলে। যা আগে ছিল কিলিয়ান এমবাপ্পে ও পেলের (১১টি করে)। ৬৪ বছর পর টানা পাঁচ নকআউট ম্যাচে গোল করা প্রথম ফুটবলারও হয়েছেন মেসি। চলতি আসরে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
চার ম্যাচে সাত গোল করেছেন এলএমটেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডানের বিপক্ষে একটি এবং কেপ ভার্দের বিপক্ষে সবশেষ গোল—সব মিলিয়ে এবারের আসরে মেসির গোলসংখ্যা সাত।
এর মধ্য দিয়ে তিনি হয়েছেন একমাত্র ফুটবলার, যিনি দুটি ভিন্ন বিশ্বকাপে (২০২২ ও ২০২৬) সাত বা তার বেশি গোল করেছেন। বিশ্বকাপে ৩০ বা তার বেশি ম্যাচ খেলা প্রথম ফুটবলার হওয়ার রেকর্ডও গড়েছেন মেসি।