যোগ্য বিনিয়োগকারীদের (কিউআই) কাছে শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে রয়্যাল ফুটওয়্যার পিএলসি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২০তম সভায় কোম্পানিটির কিউআইও প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে দুই বছরের বেশি সময় পর কোন কোম্পানির কিউআইও প্রস্তাব অনুমোদন পেল। একইসঙ্গে এটি বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে প্রথম কিউআইও অনুমোদন।
সভা শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে কিউআইওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে ১২ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, শতভাগ রপ্তানিমুখী এই জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জুতা বিক্রেতা রোস-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জুতা রপ্তানি করে। কোম্পানিটি কিউআইও থেকে সংগৃহীত অর্থ ব্যাংকঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং ইস্যুসংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করবে।
কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ৫৪ পয়সা এবং পুনর্মূল্যায়ন ছাড়া নিট সম্পদমূল্য ছিল ১৫ টাকা ৭৪ পয়সা। আর শেয়ারপ্রতি অর্ধবার্ষিক আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।
এই কিউআইও ইস্যুতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে। আর প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ও ইসি সিকিউরিটিজ লিমিটেড যৌথভাবে আন্ডাররাইটারের দায়িত্বে রয়েছে।