রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন




ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ am
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ এবং ১৬ সেপ্টেম্বর তা জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে প্রার্থী চূড়ান্ত করবে দলটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

তিনি জানান, বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১-এ আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, তারা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর এসব মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

পরে ১৮ সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান রিজভী।

এদিকে স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধেও বেশ কিছু কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রিজভী জানান, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক প্রচারপত্র ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি গণমাধ্যম, রেডিও ও টেলিভিশনেও সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এ ছাড়া স্কুল, মাদরাসা ও হাটবাজারে ময়লা-আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত বিনের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় আরও যেসব উদ্যোগ নেওয়া দরকার, বিএনপির পক্ষ থেকে সেগুলো বাস্তবায়ন করা হবে বলেও জানান রুহুল কবীর রিজভী।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD