শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন




জামায়াতে যোগ দেয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে: গোলাম পরওয়ার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৬:২৩ pm
বিক্ষোভ Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী jamat jamaat jamat
file pic

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করায় সারাদেশের মানুষ ধিক্কার দিচ্ছে। তিনি কোন অন্যায় করেননি। ৩৪ জন এমপিসহ বিমান যাত্রীরা জমজমের পানি না পাওয়ায় নাগরিক অধিকার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, মেজর আখতারুজ্জামানের অপরাধ বিমানবন্দরের ঘটনা নয়, তিনি জামায়াতে যোগ দেয়ায় বিএনপির গাত্রদাহ হয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও রিমান্ড আদেশ প্রত্যাহার করে মুক্তি দিতে হবে।

তিনি শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে নাজেহাল বা গায়ে হাত তোলেননি। অথচ বিমানমন্ত্রী সেখানে গিয়ে বলেছেন-তিনি গায়ে হাত দিয়েছেন। এধরণের মিথ্যা বললে শপথ ভঙ্গ হয়ে যায়। দুইজনকে বরখাস্তের মাধ্যমে বিমানবন্দরের অব্যবস্থাপনা স্বীকার করে নিয়েছেন। অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জামায়াতকে গুপ্ত ও স্বাধীনতা বিরোধী বলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের তীব্র সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনার পিতা জিয়ারউর রহমান ও মা খালেদা জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। আপনি কি তাদের চেয়ে বিচক্ষণ রাজনীতিক হয়ে গেছেন? এসব কথা বলে আপনি ভুল পথে হাঁটছেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা আর আপনার কথার মধ্যে মিল পাওয়া যাচ্ছে। এরমাধ্যমে ফ্যাসিস্টের হাতকেই শক্তিশালী করছেন। দিল্লীর সঙ্গে কোন গোপন চুক্তি হয়েছে কিনা-সে প্রশ্নও তুলে তিনি বলেন, হাসিনা দিল্লীর ইঙ্গিতে জাতিকে বিভক্ত করতে চেয়েছিল, পারেনি। আপনারাও যদি জাতিকে বিভক্ত করতে চান, জনগণ সেভাবেই জবাব দেবে। বিএনপির অনেক নেতা, এমপি-মন্ত্রী রাজাকার ছিলেন বলেও জানিয়ে অনেকের নাম উল্লেখ করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কামাল হোসেন এমপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।

সমাবেশ শেষে গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবন এলাকা প্রদক্ষিণ করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD