শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন




গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি: নাহিদ ইসলাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৭:৩২ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করেছে, কিন্তু সেসব আইন টেকেনি। জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতনের ইতিহাস কীভাবে এতো সহজে ভুলে যাচ্ছে তারা? আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, একই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।

জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জামায়াতের সঙ্গে তাদের এজেন্ডাভিত্তিক জোট হলেও এটি কোনও আদর্শিক জোট নয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা।

এর আগে গাইবান্ধায় পৌঁছালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD