সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন




ঝুঁকি ভাতায় বিএসটিআইর বছরে ব্যয় ১০০ কোটি টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১২:২৫ pm
Bangladesh Standards and Testing Institution bsti বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই
file pic

মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছয় শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সবাই ঝুঁকি ভাতা পাচ্ছেন। এ খাতে বছরে ব্যয় হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। সংস্থার আয় ও উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণের বিষয়ও প্রশ্নের মুখে পড়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে বিএসটিআইর আর্থিক ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন, পণ্য পরীক্ষণ ও বাজার তদারকে নানা অনিয়ম ও দুর্বলতার চিত্র উঠে এসেছে। এসব অনিয়মের উৎস, কারণ ও প্রতিরোধের উপায় চিহ্নিত করে বেশ কয়েকটি সুপারিশ করেছে দুদক। সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সম্প্রতি প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম প্রতিবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এক দশকে ব্যয় হাজার কোটি টাকা

দুদকের অনুসন্ধান প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিএসটিআইর মোট জনবল ৬০৮। তাদের সবাই ঝুঁকি ভাতা পাচ্ছেন। এর পরিমাণ বছরে ২৫ থেকে ২৭ মাসের মূল বেতনের সমান। জনপ্রতি মাসে গড়ে এই ভাতার পরিমাণ ৬০ হাজার টাকা। বছরে সব মিলিয়ে ব্যয় হচ্ছে ১০০ কোটি টাকা। এক দশকে এ খাতে ব্যয় হয়েছে এক হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল ২০২২ সালের ৫ জুন এই অতিরিক্ত ঝুঁকি ভাতা বন্ধের নির্দেশনা দিয়েছিল। তবে বিএসটিআইর সহকারী পরিচালক (প্রশাসন) তুহিন আহমেদ ওই নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে নির্দেশনার কার্যকারিতা স্থগিত হওয়ায় ভাতা দেওয়া অব্যাহত রয়েছে বলে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিএসটিআইর আয় ও উদ্বৃত্ত অর্থ কোষাগারে জমা না দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ভাতা ও অন্যান্য সুবিধা দিতে ব্যয় করার বিষয়েও আপত্তি তুলেছে দুদক। বিএসটিআই আইন, ২০১৮-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানের তহবিল পরিচালনা এবং উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন না হওয়ায় ঝুঁকি ভাতা, পেনশন, কল্যাণ ভাতাসহ বিভিন্ন খাতে অর্থ ব্যয়ের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে অডিট আপত্তিও রয়েছে।

প্রকল্প ও সেবা কার্যক্রমে অনিয়ম

দুদকের প্রতিবেদনে বিএসটিআইর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। সরকারি ক্রয়বিধি অনুসরণ না করে দরপত্র মূল্যায়ন, যোগ্যতাহীন ঠিকাদারকে কাজ দেওয়া এবং প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের বিষয়ও উঠে এসেছে।

প্রধান কার্যালয়ের প্রশাসন ভবনের সম্প্রসারণ ও সাজসজ্জার কাজে অর্থ ব্যয়ের ক্ষেত্রেও অডিট আপত্তি রয়েছে। পাঁচ জেলায় বিএসটিআইর সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের কেনাকাটায় অনিয়মের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স ও নমুনা অনুমোদন পেতে উদ্যোক্তাদের হয়রানি, সার্টিফিকেশন মার্কস লাইসেন্স দেওয়ার পর নিয়মিত তদারক না করা এবং একই কর্মকর্তাকে বারবার অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়গুলো চিহ্নিত করেছে দুদক।

মান নিয়ন্ত্রণে ঘাটতি, সমন্বয়হীনতা

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, বাধ্যতামূলক লাইসেন্সের আওতার বাইরে থাকা অনেক পণ্য যথাযথ তদারকের বাইরে রয়েছে। বিএসটিআইর সিল জাল করে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারজাত করার অভিযোগও রয়েছে। এ ছাড়া পণ্যের উৎপাদন পর্যায়ে নজরদারি, বাজার থেকে নমুনা সংগ্রহ এবং মান পরীক্ষার কার্যক্রমে ঘাটতি রয়েছে।

বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয়হীনতার বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে।

দুদকের সুপারিশ

এসব সমস্যা সমাধানে বাধ্যতামূলক লাইসেন্সের আওতা বাড়ানো, নিয়মিত গোয়েন্দা নজরদারি, কারখানা পরিদর্শন ও বাজার তদারক জোরদারের সুপারিশ করেছে দুদক। নিম্নমানের পণ্যের নমুনা পরীক্ষার ফলাফল ওয়েবসাইট, সামাজিক মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশের পরামর্শও দেওয়া হয়েছে। এ ছাড়া ঝুঁকি ভাতা ও অন্যান্য সুবিধা প্রদানের আইনগত ভিত্তি যাচাই করে ব্যবস্থা নেওয়া, জনবল কাঠামো পুনর্বিন্যাস, কর্মকর্তাদের দায়িত্ব পালনে রোটেশন পদ্ধতি চালু এবং অভ্যন্তরীণ নজরদারি ও জবাবদিহি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মাঠ পর্যায়ে তদারকের জন্য প্রয়োজনীয় জনবল বাড়ানোর কথাও বলেছে দুদক। সমকাল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD