স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক ও রাজনৈতিক প্রস্তুতি জোরদার করছে জামায়াতে ইসলামী। এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে ডিসেম্বরজুড়ে ধারাবাহিক কর্মসূচি সাজাচ্ছে দলটি। এসব কর্মসূচিতে সরকারের ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি এবং নির্বাচন কমিশনের ওপর নিরপেক্ষ নির্বাচনের চাপ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।
সূত্রমতে, আগামী স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াত প্রস্তুতি শুরু করেছে অনেক আগেই। এমনকি জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের দাবি এবং তার জন্য প্রাথমিক প্রস্তুতিও ছিল দলটির। তবে তা না হওয়ায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরপরই স্থানীয় সরকারের ভোটের জন্য কার্যকর প্রস্তুতি নেওয়া শুরু করে তারা।
জানা গেছে, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে জামায়াতের প্রস্তুতি ততই জোরদার হচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সব পর্যায়ে প্রার্থী প্রায় চূড়ান্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রবীণদের পাশাপাশি তরুণদেরও প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রার্থী ও সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। দলের মহিলা নেতাকর্মীরাও এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন। দলের যুব ও ক্রীড়া বিভাগকেও সংগঠিত করা হচ্ছে।
এদিকে নির্বাচনি ব্যয় মেটাতে নিয়মিত ইয়ানতের বাইরে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বিশেষ তহবিল সংগ্রহ করছে জামায়াতে ইসলামী। পাশাপাশি ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণের কাজও এগিয়ে নিচ্ছে দলটি।
ডিসেম্বরজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় এখন থেকেই জনগণকে সংগঠিত করার আহ্বান জানান তিনি। গত শনিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো ভোটচোর, ডাকাত, ইঞ্জিনিয়ারকে ছাড় দেব না। আল্লাহর ওপর ভরসা করে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই সব ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব।
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও ডিসেম্বরের কর্মসূচি প্রসঙ্গে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, নির্বাচনকে ঘিরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হলে আমরা এই নির্বাচনে অংশ নেব।
তিনি বলেন, ডিসেম্বরের কর্মসূচিতে জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, জনমত গঠন, ভোট কারচুপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা ও গণসংযোগে গুরুত্ব দেবে জামায়াত। শিগগিরই এসব কর্মসূচি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গত রোববারের বৈঠকেও গুরুত্ব পেয়েছে স্থানীয় সরকার নির্বাচন। বৈঠকে সারা দেশে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন দলটির আমির। পাশাপাশি বিগত জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও ভালো ফল অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতের কর্মসূচি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, নির্বাচনে ভালোভাবে অংশগ্রহণ এবং ভালো ফল করার টার্গেটে এগুচ্ছে জামায়াত। এজন্য দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াতের যেসব কর্মসূচি থাকবে, তাতে সরকারের ব্যর্থতা তুলে ধরা হবে। একই সঙ্গে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করা হবে। সরকার যে জুলাই সনদ ও গণভোটের রায় মানছে না, সে বিষয়গুলোও তুলে ধরা হবে। এজন্য কেন্দ্রভিত্তিক কমিটিকে মজবুত এবং এসব কমিটিতে স্থানীয় প্রভাবশালীদের যুক্ত করা হবে বলেও জানান তিনি।
জামায়াত নেতারা জানান, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থীরা সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড ও অন্যান্য ভাতার বিষয়গুলো নিয়ে বেশি তৎপর হচ্ছেন। তারা এসব সুবিধা দিতে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়টি আগে থেকেই নিশ্চিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে সরকারি সুবিধাকে যাতে নির্বাচনের ভোটের প্রলোভনে ব্যবহার করা না যায়, সেজন্য জনসচেতনতা কর্মসূচি পালন করছেন তারা।
স্থানীয় নির্বাচনে তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও সিটি নির্বাচনে চাঁদাবাজি, মাস্তানি ও সুযোগ-সুবিধার সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধিত্ব তারুণ্যের হাতে তুলে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে দলের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তরুণদের দেশের রাজনীতির দিকনির্দেশক হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত। সন্ত্রাস, মাদক ও অস্ত্রমুক্ত মেধাবী ও সাহসী নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছে দলটি। এরই ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ গঠনে সমাজের সর্বস্তরে যুব নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে। আমার দেশ