তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক প্রস্তাবের বিভিন্ন পদ্ধতিগত দিক নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটি মনে করে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে আঞ্চলিক দারিদ্র্যসীমা, শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা, বিদ্যমান মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি।
গত ১৯ নভেম্বর সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এর একদিন আগেই ১৮ নভেম্বর সিপিডির উপস্থাপিত ন্যূনতম মজুরি মূল্যায়ন ও প্রস্তাবের বিষয়ে সংগঠনটি কয়েকটি প্রশ্ন ও সংশোধনী প্রস্তাব উত্থাপন করে।
চিঠিতে সিপিডির দীর্ঘদিনের গবেষণা ও নীতিগত সম্পৃক্ততার প্রশংসা করে বিজিএমইএ বলেছে, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি শিল্পের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বাস্তবতাও নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।
বিজিএমইএর অন্যতম প্রধান আপত্তি শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম সদস্যের হিসাব নিয়ে। সংগঠনটির মতে, সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য থেকে মধ্যক বা মিডিয়ান ব্যবহার করে পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। এক্ষেত্রে গড় বা মিন ব্যবহার করলে বিভিন্ন গবেষণার ফলাফল আরও যথাযথভাবে প্রতিফলিত হতো।
এ প্রসঙ্গে সিপিডির নিজস্ব ২০২৩ সালের তৈরি পোশাকশ্রমিক জরিপের তথ্য তুলে ধরে বিজিএমইএ জানায়, ওই জরিপে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ছিল দুজন। ফলে তিন বছরের ব্যবধানে পরিবারের গড় সদস্যসংখ্যা বেড়ে যাওয়া এবং উপার্জনক্ষম সদস্য কমে যাওয়ার বিষয়টি বস্তুনিষ্ঠ বলে মনে করছে না সংগঠনটি।
এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য উল্লেখ করে বিজিএমইএ জানায়, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালে ৪ দশমিক ৬৬ জন থেকে কমে ২০১১ সালে ৪ দশমিক ৩৫ জন এবং ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে দাঁড়িয়েছে। জাতীয় পর্যায়ে পরিবারের সদস্যসংখ্যা ক্রমাগত কমার প্রবণতার মধ্যে পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
আঞ্চলিক দারিদ্র্যসীমা বিবেচনার প্রস্তাব
সিপিডির মূল্যায়নে সমগ্র পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা-শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমা বিবেচনা করায় আপত্তি জানিয়েছে বিজিএমইএ।
গৃহস্থালি আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য উল্লেখ করে সংগঠনটি বলেছে, ঢাকা-শহর এলাকায় ব্যয়ের পরিমাণ সর্বোচ্চ হলেও ঢাকা-গ্রাম এলাকার উচ্চ দারিদ্র্যসীমা তুলনামূলক কম, যা ৪ হাজার ২৩৪ টাকা। বিজিএমইএর মতে, অন্তত ঢাকা-শহর ও ঢাকা-গ্রাম এলাকার গড় ৪ হাজার ৫৭৮ টাকা বিবেচনায় নেওয়া অধিক যৌক্তিক হতো।
তবে সংগঠনটির সুপারিশ হলো, ২০২২ সালের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপের অঞ্চলভিত্তিক উচ্চ দারিদ্র্যসীমা এবং সংশ্লিষ্ট অঞ্চলে পোশাক কারখানার অবস্থান ও রপ্তানির ঘনত্ব বিবেচনায় একটি ভারসাম্যপূর্ণ গড় দারিদ্র্যসীমা নির্ধারণ করা।
এ প্রসঙ্গে বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা-শহর এলাকায় অবস্থিত কারখানাগুলো দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ অবদান রেখেছে। বাকি ৯১ শতাংশ রপ্তানি হয়েছে অন্যান্য এলাকা থেকে। তাই শুধু ঢাকা-শহর এলাকার ব্যয়কে ভিত্তি ধরে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে আঞ্চলিক বাস্তবতার যথাযথ প্রতিফলন ঘটবে না বলে মনে করে সংগঠনটি।
আবাসন ব্যয় দ্বৈত গণনার আশঙ্কা
সিপিডির প্রস্তাবিত মজুরি হিসাবের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজিএমইএ। সংগঠনটির মতে, সিপিডির প্রতিবেদনের ২২ নম্বর স্লাইডে আঙ্কার পদ্ধতি অনুসরণ করে ২০২২ সালের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপের ৪০তম শতাংশকের খাদ্য ব্যয়ের ০.৮৬ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে।
বিজিএমইএর যুক্তি, ২০২২ সালের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নতুন করে আবাসন ব্যয় যোগ করা হলে একই ব্যয় দুইবার গণনার আশঙ্কা তৈরি হয়। এ বিষয়ে সিপিডির ব্যবহৃত হিসাব পদ্ধতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এছাড়া বিজিএমইএ বলেছে, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরিকে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী সময়ে দেওয়া বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। বিশেষ করে ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত ৯ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়টি সিপিডির মূল্যায়নে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল।
সংগঠনটির আরেকটি পর্যবেক্ষণ হলো, সিপিডির প্রস্তাব মূলত প্রবেশপর্যায়ের শ্রমিকদের মজুরিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কিন্তু শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি বিষয়ে সিপিডির সুস্পষ্ট মূল্যায়ন পাওয়া যায়নি।
বিজিএমইএ মনে করে, শুধু ন্যূনতম মজুরি নয়, শিল্পের গড় মজুরি ব্যয়, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশের সঙ্গে গড় মজুরির তুলনা এবং বাংলাদেশের জ্বালানি, সুদহার, পণ্য পরিবহন ও সরবরাহ ব্যয়সহ অন্যান্য কাঠামোগত সীমাবদ্ধতাও মূল্যায়নে গুরুত্ব পাওয়া উচিত ছিল। একই সঙ্গে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শিল্পের সামগ্রিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে উদ্বেগ
পোশাকশিল্পের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিজিএমইএ জানিয়েছে, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। বিপরীতে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ।
একই সময়ে খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি ব্যাংকঋণের সুদের হার ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং গত তিন বছরে রপ্তানি প্রণোদনা প্রায় ৭০ শতাংশ কমেছে বলেও চিঠিতে উল্লেখ করেছে সংগঠনটি।
বিজিএমইএর দাবি, গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক কারখানা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে রয়েছে। এসব পরিস্থিতি দেশের পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ন্যূনতম মজুরি বৃদ্ধির তুলনা তুলে ধরে বিজিএমইএ বলেছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংগঠনটির মতে, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের গড় মজুরির ব্যবধানও এখন অনেক কম।
এছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ হ্রাস, নীতির অস্থিরতা এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি পোশাকশিল্পের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে।
যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্কের চাপ এবং ইউরোপীয় বাজারে ভবিষ্যৎ প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ জানিয়েছে বিজিএমইএ।
সংগঠনটির মতে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সুবিধা হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করেছে, যা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিযোগিতার ক্ষেত্রে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এ অবস্থায় বিজিএমইএর যুক্তি, মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার সময় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা এবং অতিরিক্ত শ্রমব্যয় বহনের আর্থিক সামর্থ্যও বিবেচনায় নিতে হবে। অন্যথায় শিল্পের দীর্ঘমেয়াদি টেকসই সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
চিঠিতে উত্থাপিত পর্যবেক্ষণগুলোর বিষয়ে সিপিডির মতামত চেয়েছে বিজিএমইএ। একই সঙ্গে শ্রমিক ও শিল্পের স্বার্থ সমন্বয়ের মাধ্যমে একটি যৌক্তিক, স্বচ্ছ ও তথ্যনির্ভর মজুরি নির্ধারণ কাঠামো প্রণয়নে সিপিডির সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
বিজিএমইএ বলেছে, স্বচ্ছ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে শ্রমিকদের কল্যাণ এবং পোশাকশিল্পের টেকসই উন্নয়ন—উভয় লক্ষ্যই এগিয়ে নেওয়া সম্ভব।