গতানুগতিক নায়িকার চরিত্র থেকে বের হয়ে এসে একেবারে ভিন্নরূপে হাজির হলেন চিত্রনায়িকা বর্ষা। সদ্য ‘কিল হিম’ নামের সেই সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ নায়িকা বলেন, একজন অভিনয়শিল্পীর কাজই হলো নিজেকে বিভিন্ন চরিত্রে মেলে ধরা, নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা। এ ছবিতে আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি, যার ব্যাপ্তি পুরো সিনেমায় রয়েছে।
সাধারণত এ ধরনের চরিত্রকে এন্টি হিরো বলা হয়। কেউ কেউ ভিলেনও ভাবতে পারেন। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় তাকে ভিলেন হিসেবে দেখতে পাবেন দর্শকরা। নায়িকা ইমেজের বাইরে গিয়ে কেন এমন চরিত্রে অভিনয় করলেন? উত্তরে বর্ষা বলেন, আমি একজন অভিনেত্রী। তাই অভিনয়ে নিজেকে কোনো গণ্ডির মধ্যে আটকে রাখতে চাই না। সব সিনেমায় নায়িকাই হতে হবে, না হলে ইমেজের ঘাটতি হবে, এটা আমি বিশ্বাস করি না।
চ্যালেঞ্জিং চরিত্রে আমি কাজ করতে চাই সব সময়। এটাও তেমন একটি চরিত্র। এ নায়িকা আরও বলেন, সিনেমায় দেশ ও দেশের মানুষের ভালোর জন্য কিছু মিশনে আমি অংশ নেই, যেটা হয়তো আইনি ভাষায় অবৈধ। সিনেমার নায়ক সেটাকে মেনে নিতে পারেন না। মো. ইকবাল পরিচালিত এই সিনেমাটিতে নায়ক হিসেবে দেখা যাবে অনন্ত জলিলকে। তিনি একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন।
এ সিনেমার মাধ্যমে প্রথমবার নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত ও বর্ষা। গত ডিসেম্বরে বগুড়ায় সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী রোজার ঈদে ছবিটির মুক্তির কথা রয়েছে।