ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নয়নে অভিনব পন্থা অবলম্বন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬ মাস অন্তর অন্তর বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা করার পরিকল্পনা করছে টাইগার বোর্ড।
ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, এই বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের নিয়ে ‘সিক্স মান্থ রিভিউ’ সিস্টেম চালু করার পরিকল্পনা করছে বিসিবি। ৬ মাস পর পর খেলোয়াড়দের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করবে টাইগারদের বোর্ড।
জালাল ইউনুস জানিয়েছেন, ক্রিকেটারদের যাচাই-বাছাইয়ের এই পদ্ধতিতে তাদের চুক্তিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। জালাল ইউনুস বলেন, ‘হ্যাঁ, প্রত্যেক ছয় মাসে আমরা কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পর্যালোচনা করব। আমরা চাই, ছেলেরা কেন্দ্রীয় চুক্তিকে মূল্যায়ন করুক এবং সে অনুসারে কাজ চালিয়ে যাক।’
জালাল ইউনুস বলেন, ‘কারোর পারফরম্যান্স নির্দিষ্ট মানের নিচে থাকলে তার চুক্তিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে আমাদের এই উদ্যোগ।’ বিশ্বের সব ক্রিকেট বোর্ডই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করে। এই সময়ের মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে তাদের সঙ্গে নতুন চুক্তি করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে খেলোয়াড়দের ভিন্ন ভিন্ন পরিমাণ পারিশ্রমিক প্রদান করা হয়ে থাকে। পারফরম্যান্সের বিচারে কারোর পারিশ্রমিক বৃদ্ধি হয়, কারোর কমে কিংবা চুক্তি বাতিল হয়। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ছয় মাসের রিভিউ সিস্টেমে খেলোয়াড়দের চুক্তির কোনো পরিবর্তন হবে না।
ক্রিকবাজকে নান্নু বলেন, ‘এই পদ্ধতির মানে এই নয় যে, ৬ মাস পরপর খেলোয়াড়দের চুক্তি পরিবর্তন করা হবে; বরং এই উদ্যোগ প্রত্যেক খেলোয়াড়কে নিজের ফর্ম নিয়ে সচেতন করবে। কারণ এই সময়ের মধ্যে বাজে ছন্দ দেখালে সে প্রশ্নের সম্মুখীন হবে।’ গত বছরের জুলাইয়ে সবশেষ কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মেয়াদ শেষ হয় গত ডিসেম্বরে। কিছুদিনের মধ্যে ২০২৩ সালের নতুন কেন্দ্রীয় চুক্তির ঘোষণা হতে পারে। বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাট মিলিয়ে ২১ জন ক্রিকেটারের জায়গা হয়েছিল।