নয়া চমক নিয়ে হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী। ডার্ক কমেডি ধাঁচের একটি সিরিজে অভিনয় করেছেন তিনি। যেটার নাম ‘ওভারট্রাম্প’। পরিচালনায় বাশার জর্জিস। প্রকাশ্যে এসেছে এর পোস্টার। চঞ্চল একা নন, তার সঙ্গে দেখা দিয়েছেন আরও ক’জন তারকা। এরমধ্যে আছেন এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি প্রমুখ।
‘ওভারট্রাম্প’ সিরিজটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, আমাদের সমাজে এ ধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। আমার চরিত্রে চমক থাকছে, এটুকুই বলতে পারি আপাতত।
নির্মাতা বাশার জর্জিস জানান, ‘ওভারট্রাম্প’ গল্পটা তিনি করোনা মহামারির সময়ে লিখেছেন। শুটিং করতে গিয়ে অবশ্য একটু ভড়কে গিয়েছিলেন তিনি। তার ভাষ্য, এই সিরিজে শিল্পীদের সঙ্গে কাজ করে চরম মেজাজ খারাপ লেগেছে।
মানে ওরা এত বেশি সিরিয়াস যে, আমি নিজেই ভড়কে গেছি। যাই হোক, সবার সুন্দর প্রচেষ্টায় কাজটি হয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।