শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন




এনআরবিসি ব্যাংকের নগদ লভ্যাংশ অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩ ৭:২৯ pm
NRB Commercial Bank Limited NRBCB nrbc bank এনআরবি কমার্শিয়াল ব্যাংক এনআরবিসি
file pic

এনআরবিসি ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সব পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা অংশ নেন।

সভায় ভার্চুয়ালি অংশ নেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এএম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, লকিয়ত উল্লাহ, মোহাম্মদ নাজিম, একেএম মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, রাদ মজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।

এজিএমে ২০২২ সালের জন্য সাড়ে ৭ শতাংশ নগদসহ ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ডাইরেক্টরস রিপোর্ট, নতুন পরিচালক নির্বাচন, ব্যাংকের নাম পরিবর্তন করে ‘এনআরবিসি ব্যাংক পিএলসি’ ইত্যাদি এজেন্ডা অনুমোদন করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের আমানত ২০২২ সালের ডিসেম্বর শেষে ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৫ কোটি টাকা। আগের বছর যা ছিল ১২ হাজার ৪৬২ কোটি টাকা। ঋণের পরিমাণ ১০ হাজার ৪৮৯ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৭ কোটি টাকা। ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৩০ শতাংশ। বছর শেষে পরিচালন মুনাফা ৪০৩ কোটি টাকা এবং নিট মুনাফা হয়েছে ১৭৩ কোটি টাকা। শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ১৯ পয়সায়।

এছাড়া গত বছর ব্যাংকটির মাধ্যমে আমদানি হয়েছে ৩ হাজার ৬০২ কোটি টাকা এবং রপ্তানি হয়েছে ৩ হাজার ৩৭৩ কোটি টাকা ও রেমিটেন্স এসেছে ১ হাজার ৩৩৩ কোটি টাকা।

এজিএমে অংশ নেওয়া সব পরিচালক, শেয়ারহোল্ডার, গ্রাহক ও বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ক্ষুদ্রঋণের মতো কর্মসূচি গ্রহণ করেছে এনআরবিসি ব্যাংক, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬০ হাজার মানুষের মধ্যে সহজশর্তে এই ঋণ বিতরণ করছে। এছাড়া যুবাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজশর্তে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে এনআরবিসি ব্যাংক। গত দশ বছরে এনআরবিসি ব্যাংক দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে অবদান রেখে চলেছে। এনআরবিসি ব্যাংক সবসময় মানুষের পাশে থেকেছে, স্বীকৃতি পেয়েছে মানবিক ব্যাংক হিসেবে।

ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া বলেন, সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার সঙ্গে পরিচালিত এনআরবিসি ব্যাংক মানুষের কল্যাণে কাজ করে চলেছে। শুধু বৃহৎ শিল্পেই নয়, বিনিয়োগ করছে নানা ক্ষুদ্র উদ্যোগেও।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD