শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন




কনটেইনার টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৫:০১ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp
file pic

চট্টগ্রামের লালদিয়ায় নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনিশ শিপিং এবং লজিস্টিক জায়ান্ট মায়েরস্ক গ্রুপের প্রস্তাব বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি’অ্যাফেয়ার্স অ্যান্ড্রেস বি কার্লসেন সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ৫০টিরও বেশি ডেনিশ কোম্পানি কাজ করছে এবং মায়েরস্ক গ্রুপ এখন লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করতে আগ্রহ দেখাচ্ছে।

বন্দর উন্নয়নে লজিস্টিক নীতিমালা প্রণয়নে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান সরকারপ্রধান।

তিনি বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর এরই মধ্যে দীর্ঘদিন ধরে চালু রয়েছে এবং সরকার পায়রা বন্দর নামে আরেকটি বন্দর উন্নয়ন করছে এবং শিগগির সেটি চালু হবে। ভারত, নেপাল ও ভুটানকে পারস্পরিক সুবিধার জন্য এসব বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

এসব বন্দরে বিশেষ করে পায়রা বন্দরে অনেক সুযোগ-সুবিধা থাকবে বলেও জানান তিনি।

জাতির উন্নয়ন ও কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মহান নেতা জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।

বৈঠকে মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা বলেন, বাংলাদেশে কনটেইনার শিপিং এবং লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরে এর প্রতিফলন ঘটবে।

রবার্ট মায়ের্স্ক উগলা বাংলাদেশে বন্দর ও লজিস্টিক সাপোর্টের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, এসব খাতে বিনিয়োগের এখানে অনেক সুযোগ রয়েছে। এইচএন্ডএম, এম এন্ডএস, ওয়ালমার্ট এবং অন্য বড় কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও আরএমজি পণ্য আমদানি করতে আগ্রহী।

তিনি বলেন, সহযোগিতার বৈচিত্র্যের অনেক সুযোগ রয়েছে। ডেনিশ সরকার লজিস্টিক নীতিকে অনেক বেশি সমর্থন করে।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD