শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন




৩ হাজার ২৮০ কোটি টাকা ঋণ দেবে এডিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ৭:০৪ pm
adb Asian Development Bank এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি
file pic

দক্ষ জনশক্তি তৈরি ও শিল্প খাতে কর্মসংস্থানের জন্য ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১০৯ দশমিক ৩১ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ২৮০ কোটি টাকা।

সোমবার (২৮ আগস্ট) বাংলাদেশ সরকার ও সংস্থাটির মধ্যে চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক বিভাগের সচিব শরিফা খান এবং বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবাউ নিং চুক্তিতে সই করেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্পৃক্ততায় ২০২৪-২০৪১ মেয়াদে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করবে। এ কর্মসূচির উদ্দেশ্য হলো- উৎপাদন খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতে বর্ধিত কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা। অর্থ বিভাগ এ কর্মসূচির তহবিল ব্যবস্থাপনা ও সমন্বয়কের ভূমিকা পালন করবে।

বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্য পদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে। এডিবি এ যাবৎ বাংলাদেশ সরকারকে ২৯ হাজার ৬৬৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা এবং ৫৫৩.৪ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ এবং সুশাসনকে প্রাধান্য দেয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD