চিত্রনায়িকা পরীমনি। ক’দিন আগে বেশ ঘটা করেই পালন করলেন সন্তানের প্রথম জন্মদিন। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন পরী-রাজ দম্পতি। বিষয়টি নিয়ে নানা আলোচনাও হয়েছে। নানা ঘটন-অঘটনের পর এবার শুটিংয়ে ফিরেছেন এ আলোচিত নায়িকা।
পরীমনি তার ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন। সন্তান রাজ্যকে উদ্দেশ্য করে লিখেছেন, সে মায়ের সঙ্গে শুটিং-এ যাচ্ছে। ফেসবুক পোস্টের মন্তব্যে পরীমনি ছেলে রাজ্যকে অনেক ভালোবাসা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। পরীমনি তার কাজে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিরতির পর কাজ শুরু করলাম।
বিষয়টি নিয়ে এখনি বিস্তারিত বলতে চাই না। একটা চমক রয়েছে। এদিকে আগামী ৭ই সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাবে পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। ওয়েব ফিল্মটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরীমনি। যিনি তার সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন। তাদের অন্তরঙ্গ দৃশ্যও উঠে এসেছে সম্প্রতি প্রকাশ হওয়া ওয়েব ফিল্মটির ট্রেলারে।
এ ছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় থাকা সজলের সঙ্গেও টিনা তথা পরীমনির ঘনিষ্ঠতা দেখা গেছে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।