বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন




গত বছর আমার উপলব্ধির বছর: ন্যান্সি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ৭:৪৬ pm
singer Nazmun Munira Nancy nancy ন্যান্সি নাজমুন মুনিরা ন্যান্সি ন্যানসি গায়িকা
file pic

বিদায়ের দোরগোড়ায় ২০২৩। নতুন বছরকে বরণের সময়। ঠিক এ সময়টায় বিদায়ী বছরটিকে নিজের উপলব্ধির বছর হিসেবে দেখছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। গত দেড় দশকে সিনেমার গানের ক্ষেত্রে দেশের সবচেয়ে সফল নারী কণ্ঠ হিসেবে ধরা হয় তাকে।

গানের বাইরেও বিভিন্ন বিষয় নিয়েও সরাসরি কথা বলতে পছন্দ করেন তিনি। যে বিষয়টি ন্যান্‌সিকে অন্যদের থেকে আলাদা করেছে। ২০২৩ কেমন গেল? কি পেলেন অথবা হারালেন? এমন প্রশ্নের উত্তরে এ কণ্ঠশিল্পী বলেন, এ বছর খুব বড় কিছু অর্জন করিনি। আবার বিপরীতে কোনো কিছু হারাইওনি। বছরটিতে আমি স্থির থেকেছি। বলতে পারেন এটা আমার উপলব্ধির বছর।

দেড় মাসের যুক্তরাষ্ট্র সফর করেছি। বছরের বিভিন্ন সময়ে কিছু ভালো গান করেছি। তবে তারচেয়ে বেশি কিছু বিষয় আমি উপলব্ধি করেছি। ন্যান্‌সি বলেন, দ্রব্যমূল ভীষণভাবে ভাবিয়েছে আমাকে। কারণ এ জায়গাটিতে আমরা যারা মধ্যবিত্ত সবাই খুব ভুগেছি। যদিও দেশের বাইরে গিয়েও দেখলাম সেখানেও দাম আগের চেয়ে বেড়েছে। তবে ঐখানে সিস্টেমের মধ্যে হয় সব, দেশে সেটা নেই। অন্যদিকে আমরা আরও অসভ্য জাতিতে পরিণত হচ্ছি। আমরা নিয়ম মানতে চাই না। ট্রাফিক সিগন্যাল মানছি না, বিভিন্ন বিষয়ে ঘুষ দিচ্ছি। প্রতিটি বিষয়ে আমরা খুব অস্থির হয়ে উঠেছি। তবে এরমধ্যে স্বস্তির খবরও জানালেন ন্যান্‌সি।

তিনি বলেন, অনেক অস্থিরতার মধ্যে আমার জন্য এ বছর স্বস্তি নিয়ে এসেছিল আমার ছোট সন্তান। একই বছরে তার হামাগুড়ি, তার কথা বলা ও দাঁড়ানোর চেষ্টা এসবই দেখছি। বড় কন্যা রোদেলার সুন্দরভাবে বেড়ে ওঠা দেখছি। এসব আমাকে শান্তি ও স্বস্তি দিয়েছে। আরও স্বস্তি দিয়েছে ফেসবুক পেজেও আমার একেবারেই কম আসা-যাওয়া। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাটা শান্তির। এখানেও কিন্তু কোনো কিছু ঠিক নেই। বিভিন্ন ভাইরাল ব্লগারদের ব্লগ ও কনটেন্ট ক্রিয়েটরদের ভাইরাল টপিক আপনি না চাইলেও আপনার চোখের সামনে আসবেই।

এটা থেকে বাঁচার পথ নেই। যেটা আমি দেখতে চাই না সেটা চোখের সামনে চলে আসাটা খুবই বিরক্তিকর। এখান থেকে পরিত্রাণ দরকার। ন্যান্‌সি বলেন, এখন একটি ইস্যু নিয়ে ৫০ জন ভিডিও বানায়, ভাইরাল করে। এসবের ভিড়ে ভালো গান মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। অথবা এত অস্থিরতার ভেতর মানুষ যে গান শুনবে সেই পরিস্থিতিও থাকে না। এদিকে চলতি বছরের শেষে গানের সুখবরও দিলেন এ সংগীত তারকা। হাবিব ওয়াহিদ ও হৃদয় খানের সুর ও সংগীতে নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গান দু’টিই নতুন বছরে প্রকাশ্যে আসবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD