গত দুই বছর ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর ঘটছে নানা ঘটনা। চলে কাদা ছোড়াছুড়িও। এবারও তার ব্যতিক্রম হয়নি। এরইমধ্যে চিত্রনায়িকা নিপুণের রিটে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বিপরীতে ডিপজল পদ ফিরে পেতে আবেদন করেছেন চেম্বার আদালতে। এরমাঝে মিশা সওদাগর জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ডিপজল নাকি শিল্পীদের গরুর হাটে চাকুরি দিতে চান। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েন ডিপজল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে চাইলেন চিত্রনায়ক ওমর সানী।
সামাজিক মাধ্যমে এ বিষয়ে জানিয়েছেন এক সময়ের এই জনপ্রিয় নায়ক নিজেই। শিগগিরই সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন বলেও জানান এই অভিনেতা।
এক পোস্টে সানী লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না, আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইলো।