রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে হলো দর্শক উন্মাদনার তুঙ্গে থাকা ঈদের সিনেমা ‘তুফান’র সংবাদ সম্মেলন। এই আয়োজনে উপস্থিত ছিলেন ‘তুফান’-এর তারকা শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী এবং পরিচালক রায়হান রাফী।
উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ও ডিজিটাল পার্টনার চরকির সিইও রেদওয়ান রনি। তুফান-এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শাকিব খান বলেন, দর্শক এভাবেই আমাদের পাশে থাকলে ‘তুফান’ ইতিহাস গড়বে। ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী বলেন, মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল। অভিনেত্রী মাসুমা রহমান বলেন, এত বছর পর বড় পর্দায় ফিরছি ‘তুফান’ দিয়ে।
সবার এত সাড়া আর আগ্রহ দেখে মনে হচ্ছে প্রথম সিনেমার পর এত বছরের অপেক্ষাটা বৃথা যায়নি। চঞ্চল চৌধুরী বলেন, শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহুদিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ ‘তুফান’র এই যাত্রায় আমাকে যুক্ত করার জন্য। ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘তুফান’ এমন একটা ছবি যেটা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে।
অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। ‘তুফান’ তেমন একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার স্কেলটাকে অনেক হাই করবে। ঈদুল আজহায় দেশব্যপী মুক্তি পাচ্ছে ‘তুফান’। আলফা আই স্টুডিওস লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে শাকিব খানের লুক, প্রীতম হাসানের গান, চঞ্চল চৌধুরীর উপস্থিতি- সব মিলিয়ে দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে। ছবিটির ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর এসভিএফ।