সম্প্রতি একটি রান্না বিষয়ক অনুষ্ঠানে গরুর মাংসের রেসিপি দেখিয়ে বিতর্কের মুখে পড়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক এবং জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। কারণ সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি। অনুষ্ঠানে তারিন এবং সুদীপা মিলে গরুর মাংসের কোপতা রান্না করেন এবং এর রেসিপি দর্শকদের শেয়ার করেন।
সেই রান্নার ভিডিও ক্লিপ ভাইরাল হতেই বিতর্কের মুখে দুই অভিনেত্রী। সুদীপা একজন হিন্দু হয়ে গরুর মাংসকে ‘প্রোমোট’ করায় ওপার বাংলার নেটিজেনরা বিষয়টি ইতিবাচকভাবে নেননি। পাশাপাশি তারিনও কীভাবে এমন একটি পর্ব উপস্থাপনা করলেন সেটা নিয়েও চলছে আলোচনা। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তারিন।
তিনি বলেন, এপার বাংলা, ওপার বাংলার নানা পদ নিয়ে রান্নার অনুষ্ঠান ‘রাঁধুনী এপার ওপারের রান্না’। কোন পর্বে, কী পদ রান্না হবে তার চিত্রনাট্যে আগে থেকেই ঠিক করা। ঈদে দর্শকের কথা মাথায় রেখে গরুর মাংসের একটি পদ চূড়ান্ত হয়।
সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য রান্নাটি দেখিয়েছিলাম। তারিন আরও বলেন, আমি কিন্তু ওই অনুষ্ঠানে সুদীপাদিকে গরুর মাংস খেতে বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূরে থাক, ছুঁয়েও দেখিনি। অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন। ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি এবং মূল্যবোধকে সম্মান করি।
এদিকে সুদীপা চ্যাটার্জিও গণমাধ্যমে একই রকম কথা বলেছেন। তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পড়ে গরুর মাংস। কারও ধর্মীয় রুচিতে বাধা দেয়া আমার শিক্ষার মধ্যে নেই। যদি নিজের ধর্মকে সম্মান করি, তাহলে অন্যের ধর্মাচরণে বাধা দিতে পারি না- এটাই আমার মত।