ওটিটি প্ল্যাটফরম চরকি কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল কাজী আসাদের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’র চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জিসহ অনেকেই।
‘আধুনিক বাংলা হোটেল’র মাধ্যমে আবারো চরকিতে হাজির হচ্ছেন মোশাররফ করিম। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘দাগ’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এই প্রথম তাকে দেখা যাবে কোনো অরিজিনাল সিরিজে।
সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, চরকির কন্টেন্ট বরাবরই চমকপ্রদ হয়। তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চরকি সিরিজে অভিনয় করার। তরুণ প্রতিভাবান কাজী আসাদের কারণে সেই সুযোগটাও এসে গেল।
চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী। জানা গেছে খুব শিগগিরই চরকিতে সিরিজটি রিলিজের লক্ষ্য সামনে রেখে এর মধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের প্রস্তুতি।