কুদৃষ্টি থেকে বাঁচার উপায়: ১
মহান আল্লাহ্ তা’আলা বলেন: “মু’মিনদেরকে বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে।” কুদৃষ্টির সর্বোত্তম চিকিৎসা হল নিজের দৃষ্টি অবনত রাখা। সুতরাং সালেক তথা আত্মশুদ্ধি প্রত্যাশী ব্যক্তির জন্য আবশ্যক হল পথে চলতে গিয়ে দৃষ্টিকে অবনত রাখার অভ্যাস গড়ে তােলা। পায়ে হেঁটে চললে দৃষ্টি নিচের দিকে রাখুন। গাড়িতে থাকলে দৃষ্টি এতটুকু উঠিয়ে রাখুন যেন অন্যান্য গাড়ির চলাচল বুঝতে সক্ষম হন। কারাে চেহারার প্রতি দৃষ্টি নয়; কারণ ফেতনার শুরুটা এটা দ্বারাই হয়। দৃষ্টি ভুল করে ফেললে ইস্তেগফার করুন এবং দৃষ্টি নামিয়ে নিন।
এ অভ্যাস গড়ে তােলার চেষ্টা অব্যাহত রাখুন, এমনকি এটাকে জীবনের অংশ বানিয়ে নিন। অফিসিয়াল কাজে কিংবা কেনাকাটার সময় কোন নারীর সাথে কথা বলার প্রয়োজন হলে তার চেহারার দিকে তাকাবেন না। যেমনিভাবে কেউ কারাে ওপর অসন্তুষ্ট থাকলে কথা বলার সময় পরস্পরের প্রতি তাকায় না, দৃষ্টি বিনিময় করে না। অনুরূপভাবে কোন প্রয়োজনে পরনারীর সাথে কথা বলতে হলে এটা মনে রাখবেন যে, আল্লাহর নির্দেশের কারণে আমি তার চেহারার প্রতি অসন্তুষ্ট, সুতরাং তার চেহারার প্রতি তাকাব না।
□ কুদৃষ্টি থেকে বাঁচার উপায়: ২
আল্লাহ্ তা’আলা বলেন: “নারীদের থেকে তোমার পছন্দমত বিয়ে কর।”
(সূরা নিসা : ৩)
যতদ্রুত সম্ভব দ্বীনদার, অনুগত নারী দেখে বিয়ে করে নিন, যাতে করে জৈবিকচাহিদা পূরণ করা যায়। ক্ষুধার্ত ব্যক্তি যদি অধিক নফল নামাজ পড়াকে নিজের ক্ষুধা নিবারণের ব্যবস্থাপত্র মনে করে তাহলে তাঁর চিকিৎসা করা উচিত। ক্ষুধার ওষুধ হল খানা খাওয়া এবং আল্লাহর কাছে ক্ষুধা নিবারণের প্রার্থনা করা। অনুরূপভাবে দৃষ্টি পবিত্র রাখার ব্যবস্থাপত্র হল বিয়ে করা এবং আল্লাহর কাছে পবিত্র জীবনযাপনের জন্য দু’আ করা। সুযোগ পেলে স্ত্রীর চেহারার দিকে ভালবাসাপূর্ণ দৃষ্টি দিয়ে তাকাবেন।
আল্লাহর শােকর আদায় করবেন যে, নি’আমতটি না পেলে কত গ্লানি যে পােহাতে হত! যে কাম দৃষ্টি মার্কেটে বিচরণশীল নারীর প্রতি দেন তা স্ত্রীর প্রতি দেন । স্ত্রীকে পরিষ্কার-পচ্ছিন্ন থাকার ব্যাপারে উৎসাহিত করবেন। ভাল কাপড় কিনে দিন। অন্য নারীর কাছে যা কিছু আছে তাঁর সবই আপনার স্ত্রীর কাছেও আছে। ভাবুন আমি যদি পরনারীর প্রতি তাকাই তাহলে আল্লাহ্ তা’আলা অসন্তুষ্ট হবেন। পক্ষান্তরে নিজের স্ত্রীকে দেখলে আল্লাহ্ সন্তুষ্ট হন।
হাদীসে আছে, ‘যে ব্যক্তি স্ত্রীর প্রতি মুচকি হেসে তাকায় এবং যে স্ত্রী স্বামীর প্রতি মুচকি হেসে তাকায় তখন আল্লাহ্ তা’আলা উভয়ের প্রতি মুচকি হেসে তাকান। হালালকে দেখুন প্রাণভরে, যেন হারামের প্রতি লােভ না জাগে। যখনই মন পরনারীর প্রতি আকর্ষণবােধ করবে তখনই স্ত্রীর কথা কল্পনায় আনুন। দেখবেন গুনাহর চিন্তা অন্তর থেকে দূর হয়ে যাবে।
IFM desk