গত কয়েক বছর ধরে প্রতি ঈদেই সুপারস্টার শাকিব খান একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। বর্তমানে ‘তুফান’-এর সাফল্যে ভাসছেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে প্রায় ১৬টি দেশে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে শাকিবের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। এমনকি ব্যবসায়িক সাফল্যে শীর্ষে রয়েছে। এবার শাকিব খান জানালেন পাকিস্তানেও যেতে চান তিনি।
পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি। ইতিমধ্যে ভারতের অনেক তারকার সঙ্গে কাজ করা হয়েছে তার। তবে কখনো পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে দেখা যায়নি তাকে। সমপ্রতি পাকিস্তানি এক ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকার দেয়ার সময় শাকিব জানান, পাকিস্তান ভ্রমণেও যেতে চান এই অভিনেতা।
সেখানে মুক্তি দিতে চান নিজের সিনেমা। ক’দিন আগেই দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান শাকিব। গোল্ডেন ভিসা পাওয়ার দিন দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি সেই ভেরিফায়েড ইউটিউব চ্যানেলের। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। শাকিবের কাছে জানতে চাওয়া হয়, যদি ভবিষ্যতে তার ছবি পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন, তাহলে কেমন লাগবে? জবাবে শাকিব বলেন, এখন আমি
পরিকল্পনা করছি পাকিস্তানে ছবি মুক্তির। আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি। শবনম জি, পাকিস্তানেও লিজেন্ড, বাংলাদেশেও। নাদিম জিও। তারাসহ বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন। আমরা আবারো পরিকল্পনা করছি, পাকিস্তানে কীভাবে ছবি মুক্তি দেয়া যায়।