বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
এর আগে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ৬ আগস্ট বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী। তারা তাদের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে মারা যান। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বেরোবি ভিসি পদত্যাগ করলেন।
উল্লেখ্য, ৭ আগষ্ট বেলা সাড়ে ১২ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আট দফা দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল উপাচার্য তার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে অনতিবিলম্বে পদত্যাগ করবেন।
অধ্যাপক ড. হাসিবুর রশীদ ২০২১ সালের ১৪ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন।