দেশের শীর্ষ নায়ক শাকিব খান। তা সত্ত্বেও গত বেশ কয়েক বছর ধরে শুধু ঈদেই এ নায়কের সিনেমা মুক্তি পেয়েছে। বিষয়টির জের ধরে বলা হয়, শাকিব রিস্ক নিতে চান না। তাই ঈদে সিনেমা মুক্তি দিচ্ছেন না। অনেকে আবার বলেছেন, শাকিবের সিনেমাও ঈদ ছাড়া সফল হয় না। সে কারণেই ঈদে সিনেমা মুক্তির পক্ষে নন তিনি।
এসব সমালোচনার জবাবও মধ্যে দিয়েছেন শাকিব। তিনি বলেছেন, ক্যারিয়ারের শুরু থেকেই সিনেমা মুক্তি দিয়ে এসেছি ঈদ ছাড়া। তাই নতুন করে নিজেকে প্রমাণের কিছু নেই। এই যখন অবস্থা, ঠিক তখন অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ ঈদের বাইরে মুক্তির ঘোষণা আসে, যেটিকে বলা হয় দেশের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
নানা ধরনের প্রচারণা ছবির শুটিংয়ের সময় চালান ছবির পরিচালক ও নায়ক। কিন্তু ছবির মুক্তির ঠিক আগে প্রচারণায় ঝিমিয়ে যায় ‘দরদ’ টিম, যা নিয়ে পরিচালকের প্রতি ক্ষোভও প্রকাশ করেন শাকিবভক্তরা। কেউ কেউ ছবিটি বয়কটের দাবি জানান। এদিকে ঈদ ছাড়া অনেকদিন পর শাকিবের ছবি ১৫ই নভেম্বর মুক্তি পায়। সিনেপ্লেক্স ও সিঙ্গেল হলগুলোতে সর্বাধিক শো পেলেও ‘দরদ’ চমক দেখাতে পারেনি। বরং সপ্তাহ না পেরুতেই ছবিটির মান নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই বলেন, ছবিটির নির্মাণশৈলী ভালো হয়নি।
আবার অনেকে বলেছেন, শাকিবের এ ছবিটি করাই উচিত হয়নি। আবার অনেকে চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে এও বলেছেন, প্রমাণ হলো শাকিবের ছবিও ঈদ ছাড়া চলে না। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মানবজমিনকে জানান, ‘দরদ’ নিয়ে যে প্রত্যাশা ছিল, তা একদমই পূরণ হয়নি। দর্শকরাও পজেটিভ রিভিউ দেয়নি। একই হাল সিঙ্গেল হলগুলোরও।
সব মিলিয়ে ‘দরদ’ দিয়ে ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে এসেও প্রত্যাশা পূরণ হলো না শাকিবের। যদিও ‘দরদ’ নিয়ে না ভেবে সামনের সিনেমা ‘বরবাদ’র প্রচারণায় এখন ব্যস্ত এ নায়ক।