বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন




মানের ক্ষেত্রে আপস নয়: তাহসান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৫:৪২ pm
Tahsan Rahman Khan musician actor তাহসান রহমান খান গায়ক অভিনয় অভিনেতা তাহসান খান তাহসান tahsan
file pic

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গান ও অভিনয়ের বাইরে উপস্থাপনায়ও মাঝেমধ্যে পাওয়া যায় তাকে। ক’দিন আগেই তিনি ঘর বেঁধেছেন রোজা আহমেদের সঙ্গে। বিয়েটা দুই পরিবারের উপস্থিতিতে সেরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবি প্রকাশ করে ভক্তদের সেই খবর দিয়েছেন তাহসান।

এদিকে, শুরু থেকেই কাজের ক্ষেত্রে আপস করেননি কখনো তিনি। সেটা গান হোক আর অভিনয়। আর সে কারণেই নাটকে তুমুল ব্যস্ততা থাকা সত্ত্বেও বছর দুয়েক আগে তিনি সরে যান ছোট পর্দা থেকে। গতানুগতিক গল্প-নির্মাণের কারণেই তার এই দূরে সরে যাওয়া। বর্তমানে নাটক একেবারেই করছেন না তাহসান। মনোযোগী হয়েছেন গানে। তারই ধারাবাহিকতায় ক’দিন আগে প্রকাশ হয়েছে তার নতুন গান- ‘একা ঘর আমার’। গানটিতে তার সহশিল্পী সিঁথি সাহা। তাহসানের সুর ও সাজিদ সরকারের সংগীতায়োজনে এরইমধ্যে গানটি বেশ প্রশংসিত হয়েছে।

এর বাইরে পুরনো জনপ্রিয় গান নতুন করেও প্রকাশ করেছেন তাহসান। অন্যদিকে সম্প্রতি তাহসান খানের সেনসোডাইন টুথপেস্টের একটি বিজ্ঞাপনও প্রচারে এসেছে। এর বাইরে তার সঞ্চালনায় শুরু হয়েছে গেইম শো- ‘ফ্যামিলি ফিউড’। গত ২৭শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এটি। প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠানটি প্রথমে প্রচার হয় এনটিভি’র পর্দায়। এরপর আসে ওটিটি প্ল্যাটফরম বঙ্গতে। এ শোয়ের বেশ কয়েকটি পর্বও এরইমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পাশাপাশি তাহসানের বুদ্ধিদীপ্ত সঞ্চালনার প্রশংসাও করছেন দর্শক।

এদিকে, কিংবদন্তি প্রিন্স মাহমুদের সুরে সম্প্রতি প্রকাশ হয়েছে তাহসানের ‘জনম জনম’- শিরোনামের একটি গান। এতে তার সহশিল্পী আতিয়া আনিসা। সংগীতায়োজনে ইমরান। গানটি সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমায় থাকছে। সিনেমা আসার আগেই গানটি প্রকাশের পর ইউটিউবে মিলিয়ন ভিউ পার করেছে। নিজের কাজ প্রসঙ্গে তাহসান বলেন, শুরু থেকেই আপনারা দেখেছেন কাজ করতে গিয়ে মানের সঙ্গে আপস করিনি। সেই ধারায় এখনো চলছি, চলতে চাই। ভালো ও মনে রাখার মতো কাজগুলোই শুধু দিয়ে যেতে চাই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD