অবশেষে ফেইসবুক-মেসেঞ্জারে লগইনের জন্য পাসকি সাপোর্ট আনছে মেটা। এতে ব্যবহারকারীরা আরও সহজে ও নিরাপদে সাইন ইন করতে পারবেন।
পাসকি ফিচার ব্যবহারকারীদের স্মার্টফোনে ব্যবহার করা নিরাপত্তা ব্যবস্থা যেমন পিন কোড, ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেইসস্ক্যান দিয়ে সাইন ইন করতে দেয়। ফলে আলাদা পাসওয়ার্ড দিতে হয় না।
এটি কেবল সুবিধাজনকই নয়, পাসওয়ার্ডের চেয়ে অনেক বেশি নিরাপদ। পাসকি অনেক ধরনের ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করতে পারে কারণ এটা সহজে অনুমান বা চুরি করা যায় না। ফেইস স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্টের চেয়ে চার অংকের ভেরিফিকেশন পিন নকল করা সহজ।
মেটা বলছে, ফিচারটি শীঘ্রই আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেইসবুকের জন্য চালু করা হবে।
তবে মেসেঞ্জার ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
কোম্পানিটি বলছে, আগামী কয়েকমাসের মধ্যে এ ফিচার চালু হয়ে যাবে। একই পাসকি দিয়ে ফেসবুক এবং মেসেঞ্জার দুটোতেই লগইন করা যাবে।
প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে বলছে, পাসকি দিয়ে লগইন করার ফিচারে ফেসবুক এখনও পিছিয়ে। গুগল বেশ কয়েকবছর ধরেই এই সুবিধা দিয়ে আসছে, গত বছর এক্সও এতে যোগ দিয়েছে। মাইক্রোসফট, অ্যামাজন, ইবে, পেপাল এবং আরও অনেকই পাসকি ব্যবহার করে।
এমনকি মেটার অন্য চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপও পাসকি দিয়ে লগইনের অনুমতি দেওয়া শুরু করেছে। যদিও ইনস্টাগ্রামে এখনও এই সিস্টেম চালু হয়নি।