ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব’ দেশ জুড়ে তুমুল সাড়া ফেলেছে। এবার ছবিটির যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অঙ্গনে। পরিচালক রায়হান রাফীর এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
তার দু’দিন পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার। গত শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন শাকিব। তাতে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন তিনি।
যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে বলেননি কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে ধারণা করা যাচ্ছে, ‘তাণ্ডব’র প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের সঙ্গে ছবি দেখতেই হয়তো এই সফর। গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে, এই সফরের পেছনে আরও একটি কারণ ধারণা করছে ভক্তরা। হলিউডে কাজ করবেন শাকিব, ফের এমন কথা শোনা যায় মাস কয়েক আগে।
সে সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমে জানান, শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি। সে সময় তিনি বলেছিলেন, স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে, শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু। ফলে তার এই সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা।