গত অর্থ বছরে বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই ১২ মাসে পরিশোধ করা হয়েছে ৪০০ কোটি ডলারে বেশি ঋণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা বলেছেন, মূলত অতীতের মেগা প্রকল্প ও বাজেট সহায়তার ঋণের রেয়াতকাল শেষ হয়ে যাওয়ার ফলে এখন পরিশোধের পরিমাণ বেড়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এক মাস আগে শেষ হওয়া ২০২৪-২৫ অর্থ বছরে দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক ঋণ দাতাদের আগের পুঞ্জীভূত পাওনা থেকে কিস্তি হিসাসে ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার পরিশোধ করেছে সরকার।
এই অঙ্ক আগের অর্থ বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থ বছরে পরিশোধ করতে হয়েছিল ৩৩৭ কোটি ১৫ লাখ ডলার।
গত ১২ মাসে ঋণের আসল হিসাবে পরিশোধ করা হয়েছে ২৫৯ কোটি ৫০ লাখ ডলার। আর সুদ পরিশোধ ১০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ১০ লাখ ডলার।
ঋণ পরিশোধের এই চাপ ভবিষ্যতে আরও বাড়বে বলে আভাস দিয়েছেন ইআরডি কর্মকর্তারা।
তারা বলছেন, আওয়ামী লীগ শাসনামলে গত এক দশকে নেওয়া বড় অবকাঠামো প্রকল্প এবং বাজেট সহায়তার ঋণগুলোর রেয়াতকাল শেষ হওয়ায় পরিশোধের চাপ দ্রুত বেড়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ আরও বেশ কিছু বড় ঋণের কিস্তি চালু হয়ে যাবে। ফলে ভবিষ্যতে এই চাপ আরও বাড়বে।
ইআরডির প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত অর্থ বছরে ঋণ পরিশোধ বাড়লেও নতুন বৈদেশিক ঋণ চুক্তি ও ছাড় দুটোই কমেছে।
গত অর্থ বছরে বাংলাদেশ উন্নয়ন অংশীদারদের সঙ্গে মোট ৮৩২ কোটি ৩৩ লাখ ডলারের নতুন ঋণচুক্তি করেছে। এটা আগের অর্থ বছরের তুলনায় ২২ দশমিক ৪০ শতাংশ কম। ২০২৩-২৪ অর্থ বছরে মোট ১ হাজার ৭৩ কোটি ৮৯ লাখ ডলারের ঋণচুক্তি হয়েছিল।
গত অর্থ বছরে সবচেয়ে বেশি ঋণ প্রতিশ্রুতি ছিল বিশ্ব ব্যাংকের। এই প্রতিষ্ঠানটি ২৮৪ কোটি ডলারের প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে ১০০ কোটি ডলার দেওয়া হয় বাজেট সহায়তা হিসাবে।
দ্বিতীয় সর্বোচ্চ ২০০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি ছিল এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)। তাদের কাছ থেকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা হিসাবে পাওয়া যায়। তৃতীয় সর্বোচ্চ জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার (জাইকা) কাছ থকে প্রতিশ্রুতি আসে ১৮৯ কোটি ডলারের।
এছাড়া গত অর্থ বছরে চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ৫৬ কোটি ১০ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি দেয়।
প্রতিবেদন অনুযায়ী, গত অর্থ বছরে ঋণদাতাদের কাছ থেকে অর্থ ছাড়ও ২১ শতাংশ কমেছে।
গত অর্থ বছরে ঋণদাতারা বাংলাদেশের অনুকুলে ছাড় করেছে ৮৫৬ কোটি ৮৪ লাখ ডলার। এই অঙ্ক আগের অর্থ বছরের তুলনায় ১৭১ কোটি ৫০ লাখ ডলার কম। ২০২৩-২৪ অর্থ বছরে মোট ছাড় হয়েছিল ১ হাজার ২৮ কোটি ৩৪ লাখ ডলার।
গত অর্থ বছরে বৈদেশিক মুদ্রা কম ছাড় হওয়ার কারণ জানতে চাইলে ইআরডির একজন কর্মকর্তা বলেন, গত অর্থ বছরের গণঅভ্যূত্থানের কারণে প্রায় সারা বছরই রাজনৈতিক অস্থিরতা ছিল। পাশাপাশি একই কারণে রাজস্ব আদায় কমে যাওয়ায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে সরকার চাহিদা অনুযায়ী অর্থের জোগান দিতে পারেনি। ফলে প্রকল্পের গতি কমে যাওয়ায় বৈদেশিক সহায়তার গতিও কমে যায়। এরফলে বৈদেশিক ঋণের ছাড়ও কমে যায়।
গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক অস্থিরতা ও প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক বিদেশি ঠিকাদার ও প্রকল্প পরিচালক পালিয়ে যাওয়ার কারণেও উন্নয়ন প্রকল্পের গতি কমে যায়।
এরমধ্যেও গত অর্থবছরে ৩৪০ কোটি ডলারের বাজেট সহায়তা গ্রহণের ফলে শেষ পর্যন্ত বৈদেশিক মুদ্রার ছাড় সাড়ে আট বিলিয়ন ডলার পার হয়।
গত অর্থ বছরে বাংলাদেশের অনুকুলে এককভাবে সবচেয়ে বেশি ২৫২ কোটি ডলারের ঋণ সহায়তা ছাড় করে এডিবি।
এরপর ২০০ কোটি ১২ লাখ ডলার ছাড় করেছে বিশ্ব ব্যাংক। জাইকা ছাড় করেছে ১৫৮ কোটি ডলার। এছাড়া রাশিয়া ৬৭ কোটি ৫০ লাখ ডলার, এআইআইবি ৫২ কোটি ৭০ লাখ ডলার, চীন ৪১ কোটি ৫০ লাখ ডলার এবং ভারত ১৮ কোটি ৫০ লাখ ডলার ছাড় করে।