শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন




পূর্ণাঙ্গ ইসলামী ডিজিটাল ব্যাংক নিয়ে আসতে চায় আকিজ রিসোর্স

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ৬:৫৪ pm
Digital banking Digital bank ডিজিটাল ব্যাংক ডিজিটাল ব্যাঙ্কিং Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি bb
file pic

বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডিজিটাল ব্যাংক নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স লিমিটেড। চালু হলে এটি হবে প্রথম শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক।

বৃহস্পতিবার রাজধানীর আকিজ হাউজে আয়োজিত “আকিজ রিসোর্স ডিজিটাল ইকোসিস্টেম: পরিবর্তনে নেতৃত্বদানকারী” শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, এবং আই-বিওএস লিমিটেডের প্রধান নির্বাহী এসকে মো. জায়েদ বিন রশিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুনাফা ডিজিটাল ব্যাংক হবে বাংলাদেশের প্রথম শরিয়াহ-সম্মত, সম্পূর্ণ সুদমুক্ত ও পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক। এই ব্যাংকের মূল লক্ষ্য নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে গ্রাহকরা সার্ভিস চার্জ ছাড়াই সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন। আকিজ রিসোর্স বাংলাদেশের প্রথম ইসলামী ডিজিটাল ব্যাংক সেবা চালু করার পরিকল্পনা করছে, যা শরিয়াহ-সম্মত নীতির ভিত্তিতে নৈতিক, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উদ্যোগ প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়ে এমন একটি ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করবে, যেখানে সবক্ষেত্রে ন্যায্যতা ও সামাজিক দায়বদ্ধতা থাকবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাংলাদেশের ইসলামী ফাইন্যান্স খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি হবে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যেখানে প্রযুক্তি ও শরিয়াহ নীতির সমন্বয়ে তৈরি হবে ন্যায্য, মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক অভিজ্ঞতা।

আকিজ রিসোর্স শুধু একটি ব্যাংক নয়, বরং একটি ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা করছে, যা মানুষ, ব্যবসা ও সমাজকে নিরাপদ প্রযুক্তির মাধ্যমে একত্রে সংযুক্ত করবে। শহরের পেশাজীবী থেকে শুরু করে গ্রামের উদ্যোক্তা, সবাই যেন দেশের আর্থিক প্রবৃদ্ধির যাত্রায় যুক্ত হতে পারে, সেটিই তাদের লক্ষ্য।

এই উদ্যোগের মাধ্যমে আকিজ রিসোর্স বাংলাদেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের অগ্রদূত হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করছে।

আকিজ রিসোর্স ‘ব্যাংকিং অ্যাজ অ্যা সার্ভিস’ (বিএএএস) প্রোগ্রাম চালুর মাধ্যমে একটি মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক ইকোসিস্টেম প্রতিষ্ঠা করতে কাজ করছে, যা একটি ক্যাশলেস ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ রিসোর্স বিশ্বাস করে ব্যাংকিং শুধু লেনদেন নয়, এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। আমদের ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি ডিজিটাল ব্যাংক তৈরি করতে চাই, যা প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে পরিচালিত হবে।”

চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, “আমরা এমন এক ডিজিটাল ব্যাংকিং সেবা গড়ে তুলতে চাই, যা সবার জন্য উন্মুক্ত। প্রযুক্তির সহায়তায় দেশের প্রতিটি নাগরিক যেন ব্যাংকিংয়ের আওতায় আসে— এটাই আমাদের লক্ষ্য।”

চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জি. মো. ফিরোজ কবির জানান, আকিজ রিসোর্সের প্রযুক্তি টিম ইতোমধ্যে ভবিষ্যতের ব্যাংকিং অবকাঠামো তৈরি করছে। তিনি বলেন, “আমরা এমন একটি স্মার্ট সিস্টেম তৈরি করছি, যেখানে ব্যাংকিং হবে দ্রুত, সহজ ও ব্যবহারবান্ধব। ব্যাংকের দরজায় না গিয়েও গ্রাহক তার সব আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।”

আকিজ রিসোর্স বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে নিজেদের সুদৃঢ় অবস্থান গ্রাহকদের কাছে তুলে ধরবে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রযুক্তিনির্ভর এই নতুন ব্যাংকিং উদ্যোগ স্মার্ট, সংযুক্ত ও নৈতিক বাংলাদেশের আর্থিক খাত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে “ঐতিহ্যের ধারায় ভবিষ্যতের পথে” শীর্ষক করপোরেট ভিডিও প্রদর্শিত হয়, যেখানে আকিজ রিসোর্সের বিশ্বাস, উদ্ভাবন ও জাতীয় উন্নয়নে অবদানের যাত্রা তুলে ধরা হয়। ভিডিওতে “ভবিষ্যতের ব্যাংকিং শুধু ডিজিটাল নয়, এটি হবে মানবকেন্দ্রিক, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক” প্রতিষ্ঠানের এই বার্তাটি তুলে ধরা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD