বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন




শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৩:২৪ pm
Curfew কারফিউ কার্ফু Bangladesh Armed Forces AFD Military Army Navy Air Force সেনাবাহিনী আর্মি বাহিনী ‎বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক শক্তি United Nations Peacekeeping Mission জাতিসংঘ শান্তিরক্ষা শান্তি মিশন নারী শান্তিরক্ষী
file pic

যুদ্ধবিধ্বস্ত সুদানে ড্রোন হামলায় জাতিসংঘের স্থাপনায় কর্মরত ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) কর্ডোফানের মধ্যাঞ্চলীয় কাদুগলি শহরে অবস্থিত শান্তিরক্ষী সরবরাহ ঘাঁটিতে এই ভয়াবহ হামলাটি ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত ৬ জন ও আহত ৮ জন শান্তিরক্ষীই বাংলাদেশের নাগরিক। তারা সবাই জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী আবেইতে কর্মরত ছিলেন।

গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আজকে দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্য অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা-সামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে। উল্লেখ্য, সেনাবাহিনী ও আরএসএফ দুই বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে লিপ্ত। তবে এ ঘটনায় আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলা ‘বিদ্রোহী মিলিশিয়া ও এর পেছনে যারা আছে তাদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে’। সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে জাতিসংঘের স্থাপনাটির ওপরে ঘন কালো ধোঁয়ার স্তূপ দেখা যাচ্ছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই হামলায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। তিনি জাতিসংঘের কাছে তার দেশের সেনাদের ‘যেকোনো প্রয়োজনীয় জরুরি সহায়তা’ প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, ‘এই কঠিন মুহূর্তে বাংলাদেশ সরকার তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াবে।’

তেল সমৃদ্ধ আবেই হলো সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। ২০১১ সাল থেকে সেখানে জাতিসংঘ মিশন মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বৃহত্তম অবদানকারী দেশগুলির মধ্যে একটি। ইউএনআইএসএফএ-এর চার হাজার পুলিশ ও সৈন্য এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য নিয়োজিত।

২০২৩ সালের এপ্রিলে সুদানে সামরিক বাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হওয়ার পর থেকে সেখানে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD