শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন




ভেনেজুয়েলা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ১০:৪৬ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার ওপর দিয়ে আবারও বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি বলেন, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং খুব শিগগিরই মার্কিন নাগরিকরা নিরাপদভাবে ভেনেজুয়েলা ভ্রমণ করতে পারবেন।

ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি এবং সামরিক নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যেন এদিনের মধ্যেই ভেনেজুয়েলার আকাশসীমা খুলে দেওয়া হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে মার্কিন নাগরিকদের জন্য ভেনেজুয়েলায় যাতায়াতের পথ উন্মুক্ত হবে।

তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকান নাগরিকরা ভেনেজুয়েলায় যেতে পারবেন এবং তারা সেখানে নিরাপদ থাকবেন।’

এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানিয়েছিল, ভেনেজুয়েলায় বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় খোলার লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।

সোমবার আইনপ্রণেতাদের পাঠানো এক নোটিশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, নির্বাচিত কূটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যায়ক্রমে অস্থায়ী কর্মী মোতায়েন করা হবে। এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক ভেঙে যায়। সে সময় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করে এবং মার্কিন নাগরিকদের দেশটিতে না যেতে পরামর্শ দেয়।

এর আগে গত নভেম্বরে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার উপরে ও আশপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচিত হওয়া উচিত। এরপর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাড়তি সামরিক তৎপরতার কারণে পাইলটদের সতর্ক থাকার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করে।

মার্কিন এয়ারলাইন্সগুলোর মধ্যে সর্বশেষ যে সংস্থা ভেনেজুয়েলায় ফ্লাইট চালাত, সেই আমেরিকান এয়ারলাইন্স ২০১৯ সালের মার্চে কার্যক্রম স্থগিত করেছিল। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, তারা আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD